হাউলিতে জমি নিয়ে সঙ্ঘর্ষ, গুরুতর আহত ৩

12

অঞ্জনজ্যোতি নাথ, বরপেটারোড: বরপেটারোডের হাউলিতে জমি নিয়ে হিংসাত্মক সঙ্ঘর্ষ। তুমুল সঙ্ঘর্ষে গুরুতর আহত মহিলা সহ একই পরিবারের ৩ জন। অভিযোগ, হাউলির ফুলকিপাড়ায় জমি দখলকে কেন্দ্র করে শুরু হয় সঙ্ঘর্ষ। ঈদের প্রাককালে এই রক্তাক্ত লড়াইয়ের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ, হাউলির জুলহাস আলি নামের এক ব্যক্তির নেতৃত্বে প্ৰায় ২৫-৩০ জনের একটি সশস্ত্ৰ দল ফুলকিপাড়ার বাসিন্দা সালেহা বেগমের পারিবারিক জমি গায়ের জোরে দখল করার চেষ্টা চালায়। দুষ্কৃতীদের বাধা দেন সালেহা বেগম। তারপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সশস্ত্র দুষ্কৃতী দলটি সালেহা বেগমকে দা, লাঠি ইত্যাদি নিয়ে আক্ৰমণ করে। সেই সময় সালেহাকে বাঁচাতে ছুটে আসা তাঁর ২ ছেলেকেও আক্রমণ করে দলটি। এই ঘটনায় সালেহা এবং তাঁর ২ছেলে গুরুতর আহত হন।

​জুলহাস আলির নেতৃত্বে সশস্ত্র দুষ্কৃতীরা গায়ের জোরে জমি দখল করতে এসেছিল বলে অভিযোগ। তাদের বাধা দেওয়ায় হিংসাত্মক আক্রমণ চালায় দুষ্কৃতীরা। তাদের আক্রমণে সালেহা বেগমের হাতের একটি আঙুল কেটে যায়। ​এলাকার লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে হাউলি পুলিশের একটি দলটি ঘটনাস্থলে পৌঁছনোর আগেই পালিয়ে যায় জুলহাস আলির দলটি।

​এই ভয়ানক আক্ৰমণের ঘটনা নিয়ে সালেহা বেগমের পরিবার হাউলি থানায় অভিযোগ দায়ের করেছে। মূল অভিযুক্ত জুলহাস আলি সহ মোট ১০ জনের নামে অভিযোগ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে, এখবর লেখা পর্যন্ত গ্ৰেফতারের খবর নেই।