প্রায় ৪ কোটির কাটমানি, দিনহাটায় উদয়নের বিরুদ্ধে অভিযোগ

15,353

অমিত সরকার, কোচবিহার: প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি প্রাপক পিছু ২০ হাজার টাকা। পুর উন্নয়ন বাবদ সেই টাকা মুচলেক লিখিয়ে নেওয়া হয়েছে। দিনহাটা পুরসভাজুড়ে সেই টাকা তোলা হয়েছিল। সে সময় দিনহাটা পুরসভার চেয়ারম্যান ছিলেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।

অভিযোগ দীর্ঘদিনের। এমনকি পুরসভার অডিট ডিপার্টমেন্টও এই দুর্নীতির খোঁজখবর করে দ্রুত টাকা ফেরতের কথা বলেছিল। কিন্তু সে শোনে কার কথা। ক্ষমতার অপব্যবহার করে সে সব এতদিন দমিয়ে রাখা হয়েছিল। ক্ষমতার হাত বদল হতেই কাটমানির টাকা ফেরতের দাবিতে সোচ্চার হয়েছেন আবাসের ঘরপ্রাপকরা।

এদিন এই কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে এবং আবাসের ঘরপ্রাপকদের অবিলম্বে টাকা ফেরতের দাবিতে দিনহাটা পুরসভায় স্মারকলিপি জমা দেয় স্থানীয় সিপিএম নেতৃত্ব। সিপিএমের কোচবিহার জেলা কমিটির সদস্য শুভ্রালোক দাসের অভিযোগ, ‘২০১৫ থেকে ২০২৫ পর্যন্ত দিনহাটা পুরসভা পুরোপুরি দুর্নীতিতে নিমজ্জিত ছিল। নাগরিকদের কাছ থেকে জোর করে ২০ হাজার টাকা করে নেওয়া হয়েছে। ২০২২ সালে অডিট ডিপার্টমেন্ট টাকা ফেরত দিতে হবে বলে জানিয়েছিল। জনগণ এখনও টাকা পায়নি।’

এখানেই শেষ নয়, উদয়ন গুহর আমলে পুরসভার নিয়োগ নিয়েও বিস্তর দুর্নীতির অভিযোগ রয়েছে। সিপিএম নেতৃত্বের অভিযোগ, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পুরসভায় নিয়োগ করা হয়েছিল। তাঁদের দাবি, গোটা বিষয়টা তদন্তের আওতায় নিয়ে আসা হোক। বিচার বিভাগের নজরদারিতে সিট গঠন করে দিনহাটায় পুর দুর্নীতির তদন্ত হোক।

এদিন সিপিএম নেতৃত্ব দিনহাটা পুরসভার বর্তমান চেয়ারম্যান অপর্ণা দে নন্দীকে স্মারকলিপি জমা দেওয়া হয়। নানা অভিযোগ নিয়ে অপর্ণাদেবীর সাফাই, ‘ওরা আমাকে বিভিন্ন বিষয়ে বলল। ২০১৫ থেকে ২০২৫ সে ব্যাপারটা আমি কিছু বলতে পারব না। এখন যে সমস্ত নাগরিক পরিষেবার কথা বলেছে সেগুলি ঠিক করা হবে। তারাও সহযোগিতা করব। আমিও ওদের পাশে থাকব। সবার সঙ্গে মিলেমিশে আমরা কাজ করব।’