পাথারকান্দিতে প্লাবন, রাস্তায় জল জমে স্তব্ধ যান চলাচল

35

মিষ্টু দত্ত, শ্রীভূমি: পাথারকান্দি বিধানসভা এলাকায় নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টির জেরে ফের বন্যার কবলে পাথারকান্দির ভুবরিঘাট চা বাগান। পাথারকান্দির নারাইনপুর-রাতাবাড়ি সংযোগী মূল সড়কে কয়েক ঘণ্টার জন্য যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে পড়ল।
টানা কয়েক ঘণ্টার বৃষ্টির জেরে পাথারকান্দিতে বন্যা। বন্যার কবলে পড়েছে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের ভুবরিঘাট চা বাগান এলাকা। ডেফলছড়া উপনদীর জলে চা বাগানের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। প্রায় সাড়ে তিনশো পরিবার জলবন্দি হয়ে পড়েছে। ঘরবাড়িতে জল ঢুকে পড়ায় চরম দুর্ভোগে স্থানীয় শ্রমিক এবং সাধারণ মানুষ।
​​ভুবরিঘাট চা বাগানের বাসিন্দাদের অভিযোগ, প্রতি বছরই বর্ষার মরশুমে টানা বৃষ্টি হলেই এই এলাকা প্লাবিত হয়ে পড়ে। কিন্তু এবারের পরিস্থিতির জন্য জলসম্পদ বিভাগের চরম গাফিলতিকেই দায়ী করছেন তাঁরা। জলসম্পদ বিভাগের পক্ষ থেকে এলাকায় একটি বাঁধ নির্মাণ করা হয়েছে। ​কিন্তু রহস্যজনকভাবে সেই বাঁধে জল নিষ্কাশনের কোনও ব্যবস্থাই রাখা হয়নি। ফলে ডেফলছড়া নদীর জল ঢুকলেও সেই জল বেরনোর কোনও পথ নেই। ​ক্ষুব্ধ গ্রামবাসীরা জানান, এই গুরুতর সমস্যা নিয়ে তাঁরা একাধিকবার পাথারকান্দি জলসম্পদ বিভাগের SDE-এর দ্বারস্থ হয়েছেন। কিন্তু SDE বিষয়টি জানার পরও কোনও গুরুত্ব দেননি। সরকারি কর্মকর্তাদের উদাসীনতায় ক্ষোভ বাড়ছে এলাকায়। নিরুপায় হয়ে ভুবরিঘাটের ভুক্তভোগী বাসিন্দারা এবার রাজ্য সরকারের কাছে দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। ​বিষয়টি পাথারকান্দির সার্কেল অফিসারকেও জানিয়েছেন তাঁরা। সেই সঙ্গে দ্রুত সরকারি সাহায্যের দাবি জানান তাঁরা।
​এদিকে, নারাইনপুর-রাতাবাড়ি মূল সড়কের ওপর দিয়ে বন্যার জল বয়ে যাচ্ছে। রাস্তা ডুবে যাওয়ায় শনিবার প্রায় ৫ ঘণ্টা ধরে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়ে। রাস্তার দুপাশে আটকে পড়ে বহু যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি। বর্ষার শুরুতেই এই পরিস্থিতিতে আশঙ্কা দেখা দিয়েছে, পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।