১৬ বছরের নীচে হলে Facebook, Instagram করা যাবে না!

26

নিউজ ডেস্ক: ১৬ বছরের কম বয়স হলে আর ফেসবুক, ইনস্টাগ্রাম করা যাবে না। এবার ব্রিটেন সরকার ১৬ বছরের নীচে কিশোর-কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে। অস্ট্রেলিয়ায় আইন রয়েছে ১৬ বছরের নীচে কেউ সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে থাকতে পারবে না।

কানাডা, ব্রাজিল এবং ইন্দোনেশিয়ার মতো দেশগুলো ইতিমধ্যেই বয়স-ভিত্তিক বিধিনিষেধ কার্যকর করেছে। কোনও দেশ এই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনাও শুরু করেছে। ফ্রান্স, স্পেন, ডেনমার্ক, থাইল্যান্ড এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোও ১৬ বছরের নীচে কিশোর-কিশোরীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আইন চালুর পথে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার সে দেশে অনলাইন গেম ও লাইভ স্ট্রিমিং-ও কিশোর-কিশোরীদের জন্য বিধিনিষেধের আওতায় আনছেন। তিনি জানিয়েছেন, এই নিয়মটি অস্ট্রেলিয়ার আইনের (যেখানে ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ) চেয়েও কঠোর হতে পারে।

প্রধানমন্ত্রী স্টারমার এখনও সুনির্দিষ্টভাবে এটা জানাননি কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ব্যবহার করতে পারবে না কিশোর-কিশোরীরা। আগামী বছরের শুরুতেই এই নিয়ম কার্যকর হবে।

‘শিশুদের নিরাপত্তার বিষয়ে কোনো আপস নয়’

এই বড় পরিবর্তনের প্রস্তাবের সময় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, অনলাইন জগতের ক্ষতিকর প্রভাব থেকে শিশুদের সুরক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। তিনি স্বীকার করেন যে এই নিয়ম বাস্তবায়ন করা সহজ হবে না; তবে বড় বড় প্রযুক্তি কোম্পানির ক্রমবর্ধমান প্রভাবের মুখে সরকারকে অবশ্যই এই দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে।
স্টারমার বলেছেন, অনলাইনে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সময়ের অন্যতম প্রধান একটি বিতর্কের বিষয়। তিনি স্পষ্ট জানিয়েছেন, দেশের শিশুদের নিরাপত্তা ও কল্যাণের প্রশ্নে তিনি কোনো আপস করতে প্রস্তুত নন। এই সিদ্ধান্তটি মূলত আমাদের অবস্থানের বিষয়—আমরা কি সারা দেশের পরিবারগুলোর পাশে দাঁড়াব, নাকি এমন এক বর্তমান ব্যবস্থার পক্ষে থাকব যা কার্যকর নয়?

অস্ট্রেলিয়ার পথেই ব্রিটেন

শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপের পথে কেবল ব্রিটেনই হাঁটছে না; বিশ্বজুড়ে এই প্রবণতা দ্রুত ছড়িয়ে পড়ছে। প্রধানমন্ত্রী স্টারমার ব্রিটেনের এই পদক্ষেপকে বিশ্বজুড়ে একটি অগ্রগামী উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন।

নতুন নিয়মটি কবে কার্যকর হবে?

বড়দিনের আগেই পার্লামেন্টে এই আইন পাস করানোর পরিকল্পনা করছে ব্রিটিশ সরকার। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে, আগামী বছরের শুরুতেই এই ঐতিহাসিক নিষেধাজ্ঞাটি পুরোপুরি কার্যকর করা হবে।