গোটা অসমে বাড়ছে বাসের ভাড়া

22

নিউজ ডেস্ক: গোটা অসমে বাড়ছে বাসের ভাড়া। ৭০% ভাড়া বৃদ্ধির প্রস্তাব সারা অসম মোটর পরিবহণ সংস্থার। পয়লা জুলাই থেকে গোটা রাজ্যে কার্যকর হবে নতুন ভাড়া। গুয়াহাটিতে সিটিবাসের ন্যূনতম ভাড়া হতে পারে ২০ টাকা। পেট্রোপণ্যের মূল্য বাড়ার পর এই আশঙ্কা ছিলই। শেষপর্যন্ত তা সত্যি প্রমাণিত হল। নিয়মিত বাস, সিটি বাস, ট্র্যাভেলর, ট্র্যাকার বা ম্যাজিকে চলাচল করেন যাঁরা, তাঁদের জন্য হতাশার খবর। বাস, ট্র্যাভেলর থেকে শুরু করে ছোট-বড় সব যানবাহনের ভাড়া বাড়ছে। জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য তীব্র সঙ্কটের মুখে বেসরকারি যান-বাহনের মালিকরা। গত ৬-৭ বছর থেকে নিয়মিতভাবে বেড়েই যাচ্ছে জ্বালানির দাম। কিন্তু সেই তুলনায় ভাড়া বাড়েনি এতদিন।
২০১৯-এর ২০ নভেম্বর শেষবার ২৫% ভাড়া বাড়িয়েছিল অসম সরকার। ২০১৯-এ প্রতিলিটার ডিজেলের মূল্য ছিল মাত্র ৬৬ টাকা। এই ছয় থেকে সাত বছরে শুধু জ্বালানিই নয়, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দামও বেড়েছে। কিন্তু সেই তুলনায় বাড়েনি বাস ভাড়া। আর তাই গভীর সঙ্কটের মুখে বাস মালিকরা।
পেট্রোল, ডিজেল, টায়ার ছাড়াও জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। BS-6 ইঞ্জিন বিশিষ্ট গাড়ির মূল্যবৃদ্ধি, বিমার মাশুল বৃদ্ধি, বেড়েছে টোল ট্যাক্সও। চালক, হ্যান্ডিম্যানের পারিশ্রমিক বাড়ায় লোকসানের মুখে মালিকপক্ষ। আর তাই ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া ছাড়া দ্বিতীয় কোনও বিকল্প ছিল না বাস মালিকদের কাছে। সারা অসম মোটর পরিবহণ সংস্থা তাই বৈঠকের পর নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছে পরিবহণ বিভাগকে। দেওয়া হয়েছে স্মারকপত্রও। অন্তত ৭০% ভাড়া বৃদ্ধির প্রস্তাব মোটর পরিবহণ সংস্থার। জুলাই থেকে বর্ধিত ভাড়া নেওয়ার সিদ্ধান্ত পরিবহণ সংস্থার । ভাড়া বৃদ্ধির এই প্রস্তাব যাত্রীদের কাছে সহজভাবে পৌঁছে দিতে অনেক বাস মালিক নিজেদের বাসেই সেই বিজ্ঞাপন জুড়ে দিয়েছেন।
অত্যাবশ্যক সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পর এবার বাড়ছে বাস ভাড়াও এবং সেটাও প্রায় দ্বিগুণ। তাই মধ্যবিত্ত নিত্য যাত্রীদের মাথায় হাত। যদিও বিষয়টি নিয়ে এখনও কোনও সিদ্ধান্তে পৌঁছায়নি পরিবহণ বিভাগ। গুয়াহাটিতে সিটি বাসের ন্যূনতম ভাড়া এখন ১০ টাকা। সেটা বেড়ে ২০ টাকায় পৌঁছে গেলে তা খুব বেশি হয়ে যাবে নিত্য চলাচলকারী যাত্রীদের জন্য।