NEET পরীক্ষার জেরে ২২ জুন পর্যন্ত বন্ধ টেলিগ্রাম অ্যাপ

43

নিউজ ডেস্ক : প্রশ্ন ফাঁসের জেরে বাতিল হয়েছে ৩ জুনে অনুষ্ঠিত NEET ইউজি ২০২৬ পরীক্ষা। ফের পরীক্ষা হবে ২১ জুন। এবার প্রশ্নফাঁস রুখতে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করছে কেন্দ্র সরকার। টেলিগ্রাম অ্যাপ বন্ধ থাকবে ২২ জুন পর্যন্ত।

এর আগে টেলিগ্রাম অ্যাপে ফাঁস হওয়া প্রশ্ন, সম্পাদিত স্ক্রিনশট এবং পরীক্ষার সাফল্যের গ্যারান্টির অভিযোগ সামনে এসেছে। এজন্য টেলিগ্রাম অ্যাপই বন্ধ রাখার সিদ্ধান্ত সরকারের।

শুধু টেলিগ্রাম অ্যাপ বন্ধ করাই নয়, প্রশ্নপত্র যাতে সুরক্ষিতভাবে পরীক্ষার্থীদের কাছে পৌঁছে যায়, তার দায়িত্ব দেওয়া হচ্ছে বায়ুসেনাকে। সেনাবাহিনীর বিশেষ বিমানে করে প্রশ্নপত্র ১৮টি সুরক্ষিত কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। পরীক্ষাকেন্দ্রে সুরক্ষার ঘেরাটোপে প্রশ্নপত্র পৌঁছেও দেবে বায়ুসেনা। এমআই-১৭ হেলিকপ্টার ব্যবহার করা হতে পারে প্রশ্নপত্র পাঠানোর কাজে। এ ছাড়া পরীক্ষাকেন্দ্রের জন্য আলাদা যানবাহনের ব্যবস্থা করবে বায়ুসেনা। দ্রুত প্রশ্নপত্র পৌঁছে দেওয়া ছাড়াও পরীক্ষায় নিরাপত্তা ও ব্যবস্থাপনা সংক্রান্ত কাজের জন্য বিশেষ সশস্ত্র বাহিনী মোতায়েন করার পরিকল্পনা করা হয়েছে।

এ ছাড়া সদ্য যাঁরা নিট পুনঃপরীক্ষার প্রশ্নপত্র তৈরি করেছেন, তাঁদের নজরবন্দি রাখার ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তাঁদের সুরক্ষিত স্থানে মোবাইল, ল্যাপটপ, স্মার্টওয়াচের মতো বৈদুতিন যন্ত্র ছাড়া থাকতে হবে। দুসপ্তাহ পর্যন্ত ইন্টারনেট ব্যবহারের অনুমতিও দেওয়া হয়নি। কেন্দ্রের তরফে পরীক্ষার্থীদের স্বার্থে এই সিদ্ধান্ত হয়েছে। দ্বিতীয়বার নিট ইউজি আয়োজনকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই লক্ষ্যেই প্রশ্নপত্র তৈরির সঙ্গে যুক্ত সব আধিকারিক এবং কর্মীদের নিরাপত্তার ঘেরাটোপে রেখে পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে।