মেসি কাণ্ডে আরো বিপাকে অরূপ,নয়া পদক্ষেপ শতদ্রুর

37

নিউজ ডেস্ক: প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ যে অন্তর্বর্তী রক্ষাকবচ দিয়েছিল, তাকে চ্যালেঞ্জ জানিয়ে ও সেই নির্দেশ প্রত্যাহারের দাবিতে এবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। চলতি সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা।‌

এই মামলায় তদন্তকারী সংস্থা একাধিকবার অরূপ বিশ্বাসকে তলব করলেও তিনি হাজিরা এড়িয়েছেন।‌ এরপর গ্রেফতারির আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ হন প্রাক্তন মন্ত্রী। সিঙ্গল বেঞ্চ তাঁকে সাময়িক স্বস্তি দিয়ে জানায়, আপাতত গ্রেফতারের মতো কঠোর পদক্ষেপ করা যাবে না।

তবে আদালত কয়েকটি শর্তও দিয়েছিলেন।‌ নির্দেশ দেওয়া হয়, আদালতের অনুমতি ছাড়া তিনি রাজ্যের বাইরে যেতে পারবেন না এবং পাসপোর্ট নিম্ন আদালতে জমা রাখতে হবে। একই সঙ্গে মামলার প্রেক্ষিতে বিচারপতি আইনজীবীকে ভর্ৎসনা করেছিলেন অরূপ বিশ্বাসের ভূমিকা নিয়ে। ‌

অভিযোগ, আদালতের সুরক্ষা পাওয়ার পরও তদন্তে পূর্ণ সহযোগিতা করেননি অরূপ বিশ্বাস। ১৫ জুনের নির্ধারিত হাজিরাও তিনি এড়িয়েছেন।

এই পরিস্থিতিতে সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করেছেন শতদ্রু দত্তের আইনজীবী অরিন্দম জানা। আবেদনকারীর বক্তব্য, তদন্তে সহযোগিতা না করলে অভিযুক্তকে রক্ষাকবচ দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠে।

এর আগেই শতদ্রু দত্ত জানিয়েছিলেন, সিঙ্গল বেঞ্চের সিদ্ধান্তে সন্তুষ্ট নন তিনি। প্রয়োজন হলে সুপ্রিম কোর্টেও যাবেন তিনি।‌