WORLD CUP 2026: মেসি ম্যাজিকে শুরু আর্জেন্টিনার বিশ্বকাপ

452

স্পোর্টস ডেস্ক: রাজকীয় মেজাজে বিশ্বকাপ শুরু করলেন মেসি। আলজেরিয়ার বিরুদ্ধে দুর্ধর্ষ হ্যাট্রিক দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু লিওনেল মেসির। বুধবার ভোরে ১৭, ৬২ ও ৭৬ মিনিটে পরপর তিনটি গোল করেন ফুটবল যুবরাজ। মেসির দুরন্ত হ্যাট্রিকে শেষপর্যন্ত ৩ গোলে জেতে আর্জেন্টিনা। প্রথম ম্যাচেই মেসির দুরন্ত এই ফর্ম এটা প্রমাণ করে দিল যে বিশ্বকাপে এবারও অনেকদূর পর্যন্ত এগোবে আর্জেন্টিনা।

সর্বাধিক গোলদাতার তালিকায় যুগ্মশীর্ষে মেসি

টুর্নামেন্টের আগে চোট ইত্যাদির সমস্যার জন্য মেসি খেলতে পারবেন কিনা এনিয়েই সংশয় ছিল। কিন্তু প্রথম ম্যাচেই যাবতীয় সংশয় উড়িয়ে মেসি প্রমাণ করে দিলেন এবারও জিততেই এসেছেন তিনি। উল্লেখ্য, দুরন্ত এই হ্যাট্রিকের পর ১৬ গোল করে বিশ্বকাপে সর্বাধিক গোলদাতার তালিকায় যুগ্মশীর্ষে পৌঁছে গেলেন মেসি। ১৬টি গোল নিয়ে এই তালিকায় শীর্ষে ছিলেন জার্মানির মিরোস্লাভ ক্লোজে। ১৩টি গোল নিয়ে এই বিশ্বকাপে শুরু করেছিলেন মেসি। প্রথম ম্যাচেই তিন গোল পেয়ে যাওয়ায় এবারই বিশ্বকাপের সর্বাধিক গোলদাতার তালিকায়ও যে শীর্ষে পৌঁছে যাবেন লিও এটা আর বলার অপেক্ষা রাখে না।

এমবাপের জোড়া ধাক্কায় ৩-১ গোলে জিতল ফ্রান্স

জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ফ্রান্সও। সেনেগালের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে ৩-১ গোলে জিতল প্রাক্তন চ্যাম্পিয়ন ফ্রান্স। ম্যাচে জোড়াগোল করেন কিলিয়ান এমবাপে। বুধবার সেনেগালকে হারিয়ে ২০০২ বিশ্বকাপের মধুর প্রতিশোধ নিলেন এমবাপেরা। ২৪ বছরের পুরনো হারের বদলা নিতে পেরে তাই স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত এমবাপেরা। অন্য আরেক ম্যাচে এশিয়ান দল ইরাককে ৪-১ গোলে উড়িয়ে দেয় নরওয়ে। ম্যাচে দুটি গোল করেন বিশ্বকাপে অভিষেক ঘটা তারকা ফুটবলার আর্লিং হ্যালান্ড। ক্লাব ফুটবলে দাপিয়ে বেড়ানো ম্যাঞ্চেস্টার সিটির হ্যালান্ডের প্রথম বিশ্বকাপ এটা।

প্রথম ম্যাচে ড্র বাজিল, স্পেন, উরুগুয়ের

নবাগত ক্যুরা-ক্যাওয়ের বিরুদ্ধে ৭-১ গোলের বিশাল জয় নিয়ে জার্মানি অভিযান শুরু করলেও বিশ্বকাপে এবার প্রাক্তন চ্যাম্পিয়নরা এখনও খোলস ছেড়ে বেরিয়ে আসতে পারছে না। উজ্জীবিত মরক্কো নেইমারহীন ব্রাজিলকে ড্রয়ে বাধ্য রাখার পর আরেক নবাগত ক্যাবো ভার্দের বিরুদ্ধে খাতা খুলতে পারেনি স্পেন। গোলশূন্য ড্র থাকে সেই ম্যাচও। সৌদি আরবের বিরুদ্ধে ১-১ ড্র থাকে আরেক প্রাক্তন চ্যাম্পিয়ন উরুগুয়ের ম্যাচ। তবে বুধবারের দুটো ম্যাচে দুরন্ত মেজাজ দেখিয়েছে দুই প্রাক্তন চ্যাম্পিয়ন মেসির আর্জেন্টিনা এবং এমবাপের ফ্রান্স। মেসির হ্যাট্রিকে আলজেরিয়াকে তিন গোলে উড়িয়ে দেয় আর্জেন্টিনা। আবার সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে ২৪ বছরের পুরনো হারের বদলা নেয় ফরাসিরা।