অনিবার্য কারণে বাতিল জাপানের প্রধানমন্ত্রীর অসম সফর: হিমন্ত বিশ্ব শর্মা

45

স্টাফ রিপোর্টার: অবশেষে বাতিল হল জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির অসম সফর। গুয়াহাটির পরিবর্তে শুধুমাত্র দিল্লিতে অনুষ্ঠিত হবে ‘ভারত-জাপান সম্মেলন।’ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে একথা জানান অসমের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা। তবে কেন সানায়ে তাকাইচির অসম সফর বাতিল হল, তা এখনও স্পষ্ট নয়।

জাপান


মুখ্যমন্ত্রী এ ব্যাপারে জানান, সোমবার রাতে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী অসমের মুখ্যসচিবের সঙ্গে ফোনে কথা বলেন। তিনি জানান, অনিবার্য কারণে জাপানের প্রধানমন্ত্রী এবার অসমে যেতে পারছেন না। আগামী ১ জুলাই থেকে দিল্লি ও গুয়াহাটিতে ‘ভারত-জাপান সম্মেলন’ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু শেষলগ্নে বাদ পড়ল গুয়াহাটি। উল্লেখ্য, এবার জাপানের প্রধানমন্ত্রীর এই সফর ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁর সঙ্গে আসছেন জাপানের ৫০ জন শিল্পপতি। তালিকায় ছিল সে দেশের বিভিন্ন বড় সংস্থা যেমন সুজুকি মোটর, টয়োটা তিসুশো এবং ইটোচুর মতো সংস্থা। প্রতিনিধিদের তালিকায় স্পষ্ট হয়েছিল যে উত্তর-পূর্ব ভারতে বিনিয়োগে আগ্রহী জাপান। কিন্তু প্রধানমন্ত্রীর সফর বাতিলের সঙ্গে সঙ্গেই নিভে গেল সব আশার আলো। মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, পরবর্তীতে কোনও একসময়ে জাপানের শিল্পপতিদের অসমে পাঠানোর ব্যবস্থা করবে সে দেশের সরকার। এমনই আভাস পাওয়া গেছে।
গুয়াহাটিতে ভারত-জাপান শীর্ষ সম্মেলন হওয়ার কথা ছিল ২০১৯ সালে। তখন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের আসার কথা ছিল অসমের রাজধানীতে। কিন্তু সেই সফর বাতিল হয়ে যায় নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে তীব্র বিক্ষোভের জেরে। পাঁচ বছর পর ফের সুযোগ পেয়েছিল অসম। কিন্তু এবারও বাতিল হল জাপানের প্রধানমন্ত্রীর সফর। মুখ্যমন্ত্রীকে বিষয়টি নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘কেন জাপানের প্রধানমন্ত্রী অসমে আসছেন না, সেই প্রশ্নের উত্তর আমাদেরকেই খুঁজে বের করতে হবে।’ সূত্রের খবর, গত ১৮ জুন গুয়াহাটির গণেশগুড়িতে প্রয়াত গায়ক জুবিন গার্গের ম্যুরাল নিয়ে জনবিক্ষোভ হয়েছিল। সেতুর স্তম্ভে ছিল জুবিনের ম্যুরাল। জাপানের প্রধানমন্ত্রীর আগমনের আগে গুয়াহাটির সৌন্দর্যায়নের অঙ্গ হিসেবে ‘কমরেড নেভার ডাইজ’ লেখা ম্যুরাল মুছে দেওয়ার কাজ চলছিল। সমাজমাধ্যমে এই ঘটনায় তীব্র প্রতিবাদ আছড়ে পড়ে। দুঃখপ্রকাশ করেন প্রয়াত জুবিন গার্গের স্ত্রী গরিমা শইকিয়া গার্গ। জনতার দাবিতে ফের ম্যুরাল আঁকেন মার্শাল বরুয়া। সেই সময় গণেশগুড়িতে যে যানজট তৈরি হয়েছিল এবং প্রতিবাদ চলছিল তার জেরে জাপানের প্রতিনিধি দল দীর্ঘক্ষণ আটকে থাকে। এর পরই প্রতিনিধি দল জাপানের প্রধানমন্ত্রীর সফর নিয়ে একটি নেতিবাচক রিপোর্ট জমা দেয় জাপান সরকারের কাছে। তারপরই জাপানের প্রধানমন্ত্রীর গুয়াহাটি সফর ঘিরে অনিশ্চয়তা সৃষ্টি হয়।
অন্য একটি সূত্রে জানা গেছে, জাপানের আভ্যন্তরিণ পরিস্থিতি নিয়ে ব্যস্ত থাকায় জাপানের প্রধানমন্ত্রী ভারত সফরে কিছুটা কাটছাট করেছেন। এই মুহূর্তে তিনি চাইছেন না দিল্লির বাইরে যেতে। তবে আসল কারণটা কী তা জানার চেষ্টা করবেন অসমের মুখ্যমন্ত্রী। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে তিনি বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলবেন।