তৃণমূলের অ্যাকাউন্টে কত টাকা? জানতে চায় কলকাতা হাই কোর্ট

24

পৃথা দাশগুপ্ত,কলকাতা:তৃণমূলের অ্যাকাউন্টে কত টাকা? কলকাতা হাইকোর্ট কে জানাতে হবে আগামী মঙ্গলবার এর মধ্যে। শুধু তাই নয়, তদন্তে এখনও পর্যন্ত কী কী পাওয়া গিয়েছে? কী কী তথ্য প্রমাণ উঠে এসেছে, তাও রাজ্যকে জানাতে নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। আগামী বুধবার ফের এই মামলার শুনানি ।‌ শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ, স্পেশাল অফিসার (অবসরপ্রাপ্ত বিচারপতি) নিয়োগ করা হতে পারে। তাঁর নজরদারিতে দৈনিক খরচ চালানো যেতে পারে। সেই লেনদেনের জন্য তিনটি অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। তবে কোনও বড় খরচ করা যাবে না বলেও পর্যবেক্ষণে জানায় কলকাতা হাইকোর্ট।

ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন করার আর্জি নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল শিবির। ‌ কিন্তু এখনই সেই আর্জির সুরাহা হল না। আপাতত ফ্রিজ হয়েই থাকছে তৃণমূলের তিনটি অ্যাকাউন্ট।

বিধানসভা নির্বাচনের ফলাফলের পর দুই ভাগে বিভক্ত হয়ে গেছে তৃণমূল কংগ্রেস। একদিকে কালীঘাট তৃণমূল, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল। এর মধ্যেই দলের তিনটি গুরুত্বপূর্ণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ। চরম অস্বস্তিতে পড়েছে কালীঘাট শিবির। দলের তহবিলে আসলে কার অধিকার থাকবে, তা নিয়েই মূলত আইনি লড়াইয়ে নেমেছে ঘাসফুল শিবির।

সোমবার জরুরি ভিত্তিতে এই মামলার শুনানির আর্জি জানিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন কালীঘাট তৃণমূলের আইনজীবী। তখন আদালত জানিয়েছিল, সব পক্ষকে নোটিস দেওয়ার পর মঙ্গলবার শুনানির বিষয়টি বিবেচনা করা হবে। তবে মঙ্গলবার সকালে কালীঘাটের দ্রুত শুনানির আবেদনটি সম্পূর্ণ খারিজ করে দেয় হাইকোর্ট।

আজ পর্যবেক্ষণে এ বার ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছ থেকেও হলফনামা তলব করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আগামী মঙ্গলবারের মধ্যে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে নিজেদের বক্তব্য হলফনামা আকারে জানাতে নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি এ বিষয়ে তদন্ত কতদূর এগোল, সে বিষয়ে পুলিশকেও একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।