প্রতিবাদ করা নাগরিকের অধিকার, বার্তা বিচারপতির

41

নিউজ ডেস্ক: কোনও নাগরিক সরকারের দাস নয়, বরং প্রতিবাদ করাই নাগরিকের অধিকার। একটি মামলার পর্যবেক্ষণে এই মন্তব্য করেন বম্বে হাইকোর্টের বিচারপতি মাধব জামদার।
কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে মিছিল ও ধর্নার আয়োজন করেছিলেন সইদ আহমেদ আবদুল ওয়াহিদ। যিনি সোশালিস্ট ডেমোক্র্যাটিক পার্টির সাধারণ সম্পাদক। নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধেও প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন সইদ। এবং এজন্যই তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি এফআইআর করে পুলিশ। এরপর মুম্বাই পুলিশ সইদকে এক বছরের জন্য এলাকাছাড়া থাকার নির্দেশ দেয়।


এই মামলায় বিচারপতি মাধব জামদার মৌখিক পর্যবেক্ষণে বলেন, দেশের সব নাগরিককে কি সরকারের দাস বানিয়ে দেওয়া হচ্ছে? এসব কী চলছে? নাগরিক প্রতিবাদ করতে পারবে না, আন্দোলন করতে পারবে না! এত প্রশ্নপত্র ফাঁস হয়েছে, মানুষ প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে? এরপর তিনি বলেন, আবেদনকারী সইদ শুধু বলেছেন, বিজেপি সরকার মুর্দাবাদ, অমিত শাহ মুর্দাবাদ। এসব স্লোগানের জন্য তাঁর বিরুদ্ধে এফআইআর কেন? প্রশ্ন বিচারপতির। সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়ার অধিকার যে কোনও নাগরিকের আছে। এসব স্লোগান দেওয়ার জন্য কারো বিরুদ্ধে এফআইআর করা যায় না।


পুলিশের ভূমিকাকে তীব্রভাষায় ভর্ৎসনা করে বিচারপতি বলেছেন, মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর দাস নয় পুলিশ। তারা জনগণের সেবক। পুলিশকে সেটা সবসময় মাথায় রাখতে হবে। ভারতের সংবিধান সব নাগরিককে মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে। সরকারের বিরুদ্ধে কথা বললে মামলা দিলে মত প্রকাশের স্বাধীনতা ও মর্যাদার সঙ্গে বেঁচে থাকার মৌলিক অধিকার খর্ব হয়। এরপর সইদের বিরুদ্ধে এলাকাছাড়ার নির্দেশ খারিজ করে দেন বোম্বে হাইকোর্টের বিচারপতি মাধব জামদার।