নিউজ ডেস্ক: বাঘের সংখ্যা বেড়েছে অসমে। নামেরি ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পে ৩ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ৪ গুণ। এখবর জানিয়েছেন অসমের বনমন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া। ২০২২ সালে নামেরি সংরক্ষিত বনাঞ্চলে বাঘ ছিল মাত্র তিনটি, সেটা এখন গিয়ে দাঁড়িয়েছে ১২টিতে। এখানেই শেষ নয় নামেরি সংলগ্ন সোনাই রূপাই বন্যপ্রাণ সংরক্ষিত এলাকায় ফিরে এসেছে দুটি বাঘ।

সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী অসমে বাঘের সংখ্যা ২২৭। ২০০৬ সালে এই সংখ্যা ছিল ৭০। বর্তমানে অসমের বনভূমিতে বাঘের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কাজিরঙা জাতীয় উদ্যানে প্রায় ১৪৮টি প্রাপ্তবয়স্ক বাঘ রয়েছে। প্রতি ১০০ বর্গকিলোমিটারে ১৮.৬৫টি বাঘের ঘনত্ব নিয়ে কাজিরঙায় বিশ্বের তৃতীয় সর্বোচ্চ বাঘের ঘনত্ব রয়েছে। মানস জাতীয় উদ্যানে একসময় বাঘের অস্তিত্ব সংকটে পড়লেও বর্তমানে এই উদ্যানে প্রায় ৪৮টি বাঘ রয়েছে। ব্রহ্মপুত্র প্লাবনভূমিতে অবস্থিত ওরাং জাতীয় উদ্যানে ২৮টি বাঘের উপস্থিতি নথিভুক্ত করা হয়েছে।
সর্বশেষ সর্বশেষ গণনা (২০২২) অনুযায়ী ভারতে বন্য বাঘের আনুমানিক সংখ্যা ৩,৬৮২, যা বিশ্বের মোট বন্য বাঘের প্রায় ৭৫%। ভারতে সবচেয়ে বেশি বাঘ রয়েছে মধ্যপ্রদেশে, এরপরের স্থানেই রয়েছে মহারাষ্ট্র ও কর্ণাটক। ভারতে জিম করবেট টাইগার রিজার্ভে বাঘের সংখ্যা সবচেয়ে বেশি।