গৌরব গগৈকে অপসারিত করতে সক্রিয় কংগ্রেসের একটি লবি, হাইকমান্ডকে ৩৫ পাতার চিঠি

28

স্টাফ রিপোর্টার: বিধানসভা নির্বাচনের পর দু-মাস অতিবাহিত হয়েছে। পরাজয় নিয়ে বিশ্লেষণ চলছে কংগ্রেসের অভ্যন্তরে। কেউ কেউ ইভিএমকে দায়ী করছেন তো কেউ আবার সরাসরি আঙুল তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর দিকেও।
ইতিমধ্যে গৌরব গগৈর বিরুদ্ধে কংগ্রেস হাইকমান্ডের কাছে পাঠানো হয়েছে ৩৫ পাতার একটি প্রতিবেদন। কংগ্রেসের একটি লবি এই প্রতিবেদনের প্রতিটি পাতায় উল্লেখ করেছে গৌরব গগৈর ব্যর্থতার কথা। গৌরব গগৈর জন্যই অসমে কংগ্রেসের ভরাডুবি। গৌরব গগৈর দলের গণতান্ত্রিক পদ্ধতি মেনে চলছেন না। এরকম হাজার অভিযোগ উত্থাপিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শীঘ্রই গৌরব গগৈকে সভাপতির পদ থেকে অপসারিত করে নতুন কাউকে দায়িত্ব দেওয়ার কথা।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের পর বিধায়ক জুবের আনমের সঙ্গে বচসা হয়েছিল এপিসিসি সভাপতি গৌরব গগৈর। তারপর থেকেই গৌরব গগৈর বিরুদ্ধে সক্রিয় হয় ওই লবি। এমনিতেই রাজ্যে কংগ্রেসের অবস্থা শোচনীয়। তার উপর দলীয় কোন্দল যে ভাবে ভয়ঙ্কর রূপ নিচ্ছে, তাতে গৌরব গগৈ কতদিন কংগ্রেসে টিকে থাকতে পারবেন, সে নিয়ে উত্থাপিত হয়েছে প্রশ্ন।