বারুইপুরে এনকাউন্টার কেন ? হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট

29

পৃথা দাশগুপ্ত,কলকাতা:বারুইপুরে ধর্ষণ ও খুনে অভিযুক্তের ঘটনায় ধৃতকে এনকাউন্টার কেন ? রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের। জেলা পুলিশের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। ঘটনার বিস্তারিত রিপোর্ট হলফনামা আকারে জমা দিতে হবে কলকাতা হাইকোর্টে। আজ এই নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি হবে ১৭ অগস্ট।

আবেদনকারী কলকাতা হাইকোর্টের আইনজীবী শিলাদিত্য রক্ষিত একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের আর্জি জানিয়ে। আজ বিচারপতি বলেন, “পুলিশের উচিত ছিল উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করা। পুলিশের নিরাপত্তা যদি সঠিক থাকত, তাহলে পুলিশের রিভলবার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটত না। এই ঘটনার বিচারবিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি।”

রাজ্য সরকারের আইনজীবী জানায়, সার্ভিস রিভলভার ছিনিয়ে নেওয়ার জন্য গুলি চালানো হয়। দু’পক্ষের বক্তব্য শোনার পরই বিচারপতিরা নির্দেশ দিয়েছেন, এই বিষয়ে পুলিশ প্রশাসনের বিস্তারিত রিপোর্টের প্রয়োজন। পুলিশ প্রশাসনকে হলফনামা আকারে রিপোর্ট জমা করতে হবে।