প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত অরুণাচল প্রদেশ। মেঘভাঙা বৃষ্টির জেরে বিধ্বস্ত উত্তর-পূর্বের এই পাহাড়ি রাজ্য।
নিউজ ডেস্ক; প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত অরুণাচল প্রদেশ। মেঘভাঙা বৃষ্টির জেরে বিধ্বস্ত উত্তর-পূর্বের এই পাহাড়ি রাজ্য। পাহাড় ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্থ হয়েছে ভারতীয় সেনার অস্থায়ী ছাউনি। হড়পা বানে ভেসে গেছে ২টি সেনা শেল্টার। এখনও নিখোঁজ ৫ জন সেনা জওয়ান। রাজ্যের আপার সুবনসিরি জেলায় ভূমিধসে মৃত্যু হয়েছে ৪ জনের।

গত কয়েক দিন ধরেই দুর্যোগ চলছে অরুণাচলে। রাজ্যটির জরুরি পরিষেবা কেন্দ্র সূত্রে জানা গেছে, ঝড়বৃষ্টির জেরে দিবং ভ্যালি জেলার পাসু পানিতে হড়পা বান নামে। তাতেই ভারতীয় সেনার দু’টি অস্থায়ী সেনা ছাউনি ভেসে যায়। শুক্রবার বিকেল তখন ৫টা। পাহাড় থেকে নেমে আসা কাদা-মাটির স্রোতে ভেসে যান ৭ জওয়ান। দ্রুত উদ্ধারকার্য শুরু করায় ২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও ৫ জন এখনও নিখোঁজ। দুর্যোগপূর্ণ ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেই চলছে উদ্ধারকাজ।
অন্যদিকে, অরুণাচলের আপার সুবনসিরি জেলার কেওজারিং-বায়চিং এলাকায় ভারী বৃষ্টির জেরে ধস নামে। সে সময় সেখানে রাস্তা তৈরির কাজ চলছিল। আচমকা ধস নামায় মৃত্যু হয় ৪ জনের। অরুণাচলের বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দলকেও পাঠানো হয়েছে এলাকায়।
ভূমিধস এবং বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপের বার্তা দিয়েছেন অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্দু। সড়ক যোগাযোগ থেকে শুরু করে বিদ্যুৎ পরিষেবা এবং অন্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিকে আরও মজবুত করতে ২০২৬-২৯ সালের মধ্যে ৭,৮৩৪ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছেন তিনি।