বন্যাদুর্গতদের পাশে হিমাও, সবাইকে পাশে দাঁড়ানোর আহ্বান

26

নিউজ ডেস্কঃ লভলিনার পর এবার বন্যাদুর্গতদের পাশে হিমাও। অসম অ্যাথলিট হিমা দাস। স্বাধীনতা দিবসের দিন শিবসাগরে বন্যার্তদের পাশে দেখা গেল হিমাকে। সঙ্গে ছিলেন অভিনেত্রী অনন্যা কাশ্যপও। শিবসাগরের বেতবারির বরকুরি চেতিয়া গ্রামে বন্যাদুর্গতদের স্যানিটারি সামগ্রী বিতরণ করেন হিমা। বন্যাদুর্গতদের দুর্দশা দেখে রীতিমতো মর্মাহত হিমা।

বিধ্বস্ত উজানে বন্যার জল নেমে গেলেও পরিবেশ, পরিস্থিতি এখনও প্রতিকূল। বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় রাজ্য তথা কেন্দ্র সরকারকে নিজেদের দায়িত্বের কথা মনে করিয়ে দিয়েছেন হিমা। অসম অ্যাথলিটের মতে, ‘বন্যাদুর্গতদের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে অনেককিছু করতে হবে। আর এজন্য এগিয়ে আসতে হবে সরকারকেই। এখনও অনেক কাজ বাকি।’ কোনও রাখঢাক না রেখেই মন্তব্য করেছেন হিমা।

বন্যাদুর্গতদের পাশে এবারই যে প্রথম দেখা গেল হিমাকে এমন নয়। এর আগেও শিবসাগরে গেছেন হিমা। বন্যাদুর্গতদের সঙ্গে মিশেছেন। তাঁদের অভাব, অভিযোগের কথা শুনেছেন। সীমিত সামর্থে প্রয়োজনীয় ত্রাণসামগ্রীও বিতরণ করেছেন। এবারও মাকে সঙ্গে নিয়েই বরকুরি চেতিয়া গ্রামে যান হিমা। বন্যার্তদের সঙ্গে দেখা করার পর রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন হিমা। জুবিন গার্গের দেখানো পথেই বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছেন সবাই, উল্লেখ করতে ভোলেননি জুবিনের ছোট বোন।

তবে শুধু হিমাই নন, বন্যাদুর্গতদের পাশে দেখা গিয়েছিল অসমের আরেক অ্যাথলিট অলিম্পিয়ান লভলিনা বরগোঁহাইকেও। গ্লাসগো থেকে কমনওয়েলথ পদক নিয়ে অসমে ফেরার পরদিনই শিবসাগরে যান লভলিনা। বন্যাদুর্গতদের সঙ্গে দেখা করেন। বিতরণ করেন ত্রাণসমাগ্রীও। লভলিনার মতো রাজ্যের সর্বস্তরের মানুষকে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন অসমের সরর্বকালের সেরা অ্যাথলিটদের একজন হিমা।

হিমা, লভলিনারা বন্যাদুর্গতদের পাশে দাঁড়ালেও এখনও অসমের কোনও ক্রিকেটারকে এই পদক্ষেপ নিতে দেখা যায়নি। আইপিএল ক্রিকেটার রিয়ান পরাগ থেকে শুরু করে অসম প্রিমিয়ার লিগের কোনও ক্রিকেটার কিন্তু উজানের প্রলয়ঙ্করী বন্যা নিয়ে একটুও বিচলিত নন। বিধ্বংসী এই বন্যা নিয়ে কোনও প্রতিক্রিয়াই নেই অসম ক্রিকেটারদের।

উজানের বিধ্বংসী বন্যার পর অসম ক্রিকেট সংস্থা যদিও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০ লক্ষ টাকার অনুদান দিয়েছে। এখানেই শেষ। প্রলয়ঙ্করী এই বন্যার সময় এসিএ কয়েক কোটি টাকার অসম প্রিমিয়ার লিগ করলেও ৫০ লক্ষ টাকা দিয়েই নিজেদের দায়িত্ব শেষ করেছে।

অসম প্রিমিয়ার লিগে অংশ নেওয়া প্রতিটি ফ্র্যাঞ্চাইজের উচিত ছিল বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানো। এই প্রলয়ের সময়ে গোটা অসম যখন উজানের পাশে দাঁড়িয়েছে, ক্রিকেটার বা ক্রিকেট সংগঠকরা তখন ব্যস্ত ফ্র্যাঞ্চাইজি নিয়ে। এনিয়ে সমালোচনাও হয়েছে, হচ্ছে প্রচুর। কিন্তু ক্রিকেটারদের বা অসম ক্রিকেটের তাতে কিছু যায় আসে না।

এই দুঃসময়ে ক্রিকেটারদের কাছে দৃষ্টান্ত গড়লেন লভলিনা, হিমারা। অ্যাথলিটদেরও যে সামাজিক দায়বদ্ধতা আছে, ক্রিকেটারদের চোখে আঙুল দিয়ে সেটা দেখিয়ে দিলেন হিমা, লভলিনা।