আমেরিকায় প্রেমিকাকে খুন করে পালানোর সময় জার্মানিতে গ্রেফতার ভারতীয় যুবক

25

নিউজ ডেস্ক: ভারতীয় যুবক বরুণ বাটছিগারি ও আমেরিকার তরুণী জুলিসা রুবি সালাজার দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০ বছর বয়সি ওই তরুণ আমেরিকার আরিজ়োনার টাকসনে থাকত। পড়াশোনা করত আরিজ়োনা বিশ্ববিদ্যালয়ে। অন্যদিকে আমেরিকার টাকসনে থাকতেন ১৯ বছর বয়সী কলেজছাত্রী জুলিসা রুবি সালাজার। পুলিশ জানিয়েছে, একই অ্যাপার্টমেন্টে বরুণের সঙ্গে থাকতেন বছর উনিশের তরুণী জুলিসা রুবি সালাজ়ার।
পুলিশের বক্তব্য অনুযায়ি, গত ৫ আগস্ট সালাজারের রুমমেটরা তাঁর শোবার ঘর থেকে জোরে চিৎকারের শব্দ শুনেছিলেন। পরে বান্ধবীরা সালাজারকে মেসেজ করে জানতে চান তিনি ঠিক আছেন কি না। জবাবে সালাজার নাকি জানান, তিনি ভালো আছেন এবং তাঁদের ঝগড়া হয়েছিল। প্রেমিকা জুলিসা হিংসাত্মক আচরণের কারণে সম্পর্ক ভেঙে দেওয়ার পরিকল্পনা করছিলেন সেই নিয়ে তাঁদের মধ্যে ঝামেলা লেগেই থাকত। পুলিশের ধারণা ,তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। শরীরে হত্যাকাণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গুরুতর আঘাতের চিহ্ন ছিল।
জুলিসার মায়ের অভিযোগ, ফোন থেকে তাঁর মায়ের কাছে নিয়মিত মেসেজ পাঠিয়ে বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছিল বরুণ বাটছিগারি।
গত ৬ অগস্ট খুন করে টাকসন আন্তর্জাতিক বিমানবন্দরে আসে বরুণ। সেখান থেকে জার্মানির উড়ান ধরে। শেষমেশ আন্তর্জাতিক ও মার্কিন গোয়েন্দা সংস্থার (এফবিআই) সহযোগিতায় জার্মান পুলিশ তাঁকে গ্রেফতার করে। ঘটনার পর তিনি জার্মানি হয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে খবর। ইতিমধ্যেই আমেরিকায় বরুণ বাটছিগারিকে প্রত্যর্পণের প্রক্রিয়া চলছে।