পড়ুয়াদের প্রতিবাদে অযথা বলপ্রয়োগ হয়নি, দাবি পুলিশের

29

নিউজ ডেস্ক: দিল্লিতে ২০ জুলাই ককরোচ জনতা পার্টির সংসদ অভিযানে পড়ুয়াদের ওপর অযথা বা অতিরিক্ত বলপ্রয়োগ করা হয়নি, সুপ্রিম কোর্টে হলফনামায় দাবি দিল্লি পুলিশের। ৩০ হাজার পড়ুয়া বিক্ষোভ করছিল, তাদের সামলাতে ৫০০০ পুলিশ ছিল দিল্লির রাস্তায়। পুলিশ নিয়ম অনুযায়ী পরিস্থিতি সামলেছে, হলফনামায় বলেছে দিল্লি পুলিশ।
নিট ইউজি প্রশ্নফাঁসের বিরুদ্ধে পড়ুয়াদের প্রতিবাদে ছররা গুলি, পেরেক লাগানো লাঠি, কাঁদানে গ্যাস এবং যথেচ্ছ লাঠি চালানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। হলফনামায় পুলিশ দাবি করেছে যে, প্রাথমিকভাবে পড়ুয়াদের বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল, কিন্তু বিভিন্ন জায়গায় ব্যারিকেড ভাঙার পর পুলিশকে নিয়ম অনুযায়ী পদক্ষেপ করতে হয়। দিল্লি পুলিশের দাবি, ২০ জুলাই পড়ুয়াদের আক্রমণে ২৪০ পুলিশকর্মী আহত হয়েছে আর উলটোদিকে ২০০ বিক্ষোভকারী আহত হয়েছে। হলফনামায় অভিযোগ করা হয়েছে যে বিক্ষোভকারীদের মধ্যে সমাজবিরোদী, দাগি অপরাধীরা মিশেছিল।
প্রাক্তন তৃণমূল রাজ্যসভা সাংসদ সাকেত গোখলের আরটিআই আবেদনে প্রকাশ যে দিল্লির দুটি সরকারি হাসপাতালে ২০ জুলাই ১০ পড়ুয়ার শরীরে ছররা গুলির চিকিৎসা হয়েছে। বিরোধী দলনেতা রাহুল গান্ধী অন্তত দুই পড়ুয়াকে সাংবাদিক সম্মেলনে হাজির করেছিলেন যাদের শরীরে ছররা গুলি লেগেছিল। যদিও সংসদে প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংয়ের পর দিল্লি পুলিশও ছররা গুলি চালানোর কথা অস্বীকার করেছে।
সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, ২০ জুলাই দিল্লিতে পড়ুয়াদের প্রতিবাদে পুলিশ যথেষ্ট ভালো কাজ করেছে। কোনও পডুয়ার মৃত্যু হয়নি। বিহারের সিওয়ানে পুলিশ একে-৪৭ চালালেও কারও মৃত্যু হয়নি।