পৃথা দাশগুপ্ত,কলকাতা: বিচারপতির অনুপস্থিতিতে তাঁর চেম্বারে আইনজীবীর যাওয়া এবং ফাইল চাওয়া কারণেই সুজিত বসুর মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি শুভ্রা ঘোষ। এই খবর প্রকাশ্যে আসতে তোলপাড় সব মহলে। কী ঘটনা ঘটেছিল, তা জানতে আদালতের কাছে আবেদন সুজিত বসুর আইনজীবীর।
বার এবং বেঞ্চের মধ্যে স্বচ্ছতা থাকুক। ষ প্রধান বিচারপতির কাছে ঘটনার সত্য অনুসন্ধান করার আবেদন করলেন আইনজীবী সব্যসাচী ভট্টাচার্য। বিচারপতি শুভ্রা ঘোষের চেম্বারে তাঁর অনুপস্থিতিতে কে গিয়েছিলেন? কেন গিয়েছিলেন ? কার কথায় তিনি বিচারপতি শুভ্রা ঘোষের চেম্বারে গিয়েছিলেন? কোর্ট অফিসারের কী ভূমিকা ছিল? সবটাই খতিয়ে দেখাার জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন সুজিত বসুর আইনজীবীর। পাশাপাশি, অনুসন্ধান চাওয়ার ব্যাপারে বিচারপতি শুভ্রা ঘোষকেও জানানো হয়েছে আইনজীবীর তরফে।
পুরনিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু। গত ১১ মে পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন তিনি। অভিযোগ, দক্ষিণ দমদম পুরসভায় চাকরির দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা নিয়েছেন সুজিত বোস। পুরসভার বিভিন্ন দফতরে প্রায় ১৫০ জনকে বেআইনিভাবে নিয়োগ করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এই গ্রেফতারির পক্ষে যথাযথ কোনও যুক্তি বা ব্যাখ্যা দিতে পারেনি। তাই তাঁর জামিনের পক্ষে সওয়াল করেন তিনি। সেই রায়দান-ই এখনও স্থগিত রয়েছে।
বুধবার মামলা শেষ হয়ে যাওয়ার পরেও, রায়দান স্থগিত রেখে মামলা ছাড়েন বিচারপতি শুভ্রা ঘোষ। বিচারপতি শুভ্রা ঘোষের এই পদক্ষেপে আলোড়ন পড়ে যায় সব মহলে। আচমকা কেন মামলা ছাড়ার সিদ্ধান্ত বিচারপতির, এই প্রশ্নে শুরু হয়ে যায় চর্চা। আজ এই বিষয় নিয়ে নতুন করে মামলার আবেদন জানানো হলো।