গার্ডেনরিচে যুদ্ধজাহাজ নির্মাণে নতুন ৫ প্রকল্পের শিলান্যাস রাজনাথ-শুভেন্দুর

22

পৃথা দাশগুপ্ত,কলকাতা: গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে যুদ্ধজাহাজ নির্মাণের লক্ষ্যে আজ পাঁচটি নতুন প্রকল্পের শিলান্যাস করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৩৪০০ কোটি টাকা বিনিয়োগে সেই প্রকল্পের ভূমিপুজো করলেন তাঁরা । ভারতে জাহাজ নির্মাণ ও প্রতিরক্ষা উৎপাদন খাতে এক উল্লেখযোগ্য মাইলফলক এটি। আজ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, বাংলার ডবল ইঞ্জিন সরকার এবার থেকে কেন্দ্রের হাতে হাত মিলিয়ে সব কাজ করবে। ভবিষ্যতে যুদ্ধজাহাজ নির্মাণেই বিপুল অঙ্কের বিনিয়োগ আসবে বলে আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘যুদ্ধজাহাজ তৈরির পরিকাঠামো সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে গার্ডেনরিচের। তা আরও বাড়বে। আজ গর্বের দিন। ৩৪০০ কোটি টাকা বিনিয়োগে পাঁচটি নতুন প্রকল্পের কাজ শুরু হচ্ছে। এরপর ৩৪০০ কোটি কেন, আরও অনেক বেশি অঙ্কের বিনিয়োগ হবে এ রাজ্যে। পশ্চিমবঙ্গ এখন বিনিয়োগের স্বর্গরাজ্য। পশ্চিমবঙ্গে যে সরকার এতদিন ছিল, তাদের কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে একসঙ্গে কাজ করার কোনও ইচ্ছা ছিল না। ফলে পশ্চিমবঙ্গ অনেক পিছিয়ে গিয়েছে। অথচ বাংলার বিপুল সম্ভাবনা রয়েছে। আমাদের জমি আছে, মানবসম্পদ আছে, পরিকাঠামো আছে, কাঁচামাল – সবই রয়েছে। এখন ডবল ইঞ্জিন সরকার পূর্ণ গতিতে কাজ করছে।”

গার্ডেনরিচের নতুন ৫ প্রকল্প দেশের জলসীমান্ত সুরক্ষায় শিপইয়ার্ডের উৎপাদন ক্ষমতা ও পরিকাঠামো বৃদ্ধির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ফলে এই সংস্থা নৌবাহিনী এবং অন্যান্য প্রতিরক্ষা খাতে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সক্ষম হবে।

কেন্দ্রের ‘আত্মনির্ভর ভারত’ ও ‘মেক ইন ইন্ডিয়া’র লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার কথাও বলা হয়েছে আজ। এই নতুন প্রকল্পের মূল অনুষ্ঠান গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে হলেও খিদিরপুর, শালিমার, রায়চক এবং ইছাপুরে একই সময়ে এই প্রকল্পগুলোর ভূমিপুজো বা ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান সম্পন্ন হয়।