‘সুন্দর’ শূণ্য সুন্দরবন! ঝড়খালিতে অস্তিত্বই রইল না বাঘের!

22

নিউজ ডেস্ক : ১২ দিনের দীর্ঘ লড়াই শেষ। হার মানল ঝড়খালির ওয়াইল্ড অ্যানিমাল পার্কের অন্যতম প্রধান আকর্ষণ, পুরুষ বাঘ ‘সুন্দর’। শনিবার ঝড়খালির ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে মৃত্যু হয় বাঘটির। তার বয়স হয়েছিল ১৬ বছর।

পার্ক সূত্রে জানা গেছে, তীব্র সংক্রমণজনিত অসুস্থতায় ভুগছিল সুন্দর। ১২দিন ধরে ছিল বিশেষ চিকিৎসক দলের কড়া নজরদারিতে। তবে, শেষ রক্ষা হয়নি। ব্যর্থ হয়ে যায় চিকিৎসকদের সমস্ত চেষ্টা। এদিন ভোরে চিরঘুমে চলে যায় রয়্যাল বেঙ্গল টাইগারটি। সুন্দরের মৃত্যুতে শোকস্তব্ধ পার্কের কর্মী সহ স্থানীয় বাসিন্দারা।

সুন্দরের মৃত্যুতে বড়সড় ধাক্কা খেল ঝড়খালির এই ওয়াইল্ড অ্যানিমাল পার্কটি। প্রভাব পড়তে পারে পর্যটন শিল্পেও। কারণ, গত ১১ আগস্ট এই কেন্দ্রের একমাত্র ১৩ বছর বয়সি বাঘিনীর মৃত্যু হয়। তার ঠিক পরেই শনিবার মারা গেল ‘সুন্দর’। পরপর দু’জনের মৃত্যুতে বাঘ-শূণ্য হয়ে পড়ে পার্কটি। এত কম সময়ের ব্যবধানে দুটি রয়্যাল বেঙ্গল টাইগারের মৃত্যুতে উদ্বিগ্ন বন দফতর। বন দফতরের নিয়ম মেনেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে সুন্দরের দেহ। রিপোর্ট হাতে এলেই জানা যাবে মৃত্যুর সঠিক কারণ।

ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বাঘের মৃত্যু অবশ্য এই প্রথম নয়। এই কেন্দ্রে মোট চারটি বাঘের মৃত্যু হল। শনিবারের মৃত্যুর পর বর্তমানে এই কেন্দ্রে আর কোনও বাঘই রইল না। উল্লেখ্য, সুন্দরবনের জঙ্গলে বয়স বা শারীরিক সমস্যার কারণে যেসব রয়্যাল বেঙ্গল টাইগার আর স্বাভাবিকভাবে শিকার ধরতে পারে না, তাদের নিরাপদে রাখার জন্যই ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্র তৈরি করা হয়েছে।