পৃথা দাশগুপ্ত,কলকাতা:মমতা বন্দ্যোপাধ্যায় ও ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসকে তলব করেছে নির্বাচন কমিশন। একইদিনে দুই শিবিরকে তলব করা হয়েছে। নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের প্রতীক কার কাছে যাবে সেই নিয়ে সিদ্ধান্ত নিতে তৃণমূল কংগ্রেসের দুই শিবিরকে আগামী ১২ সেপ্টেম্বর দিল্লিতে তলব করেছে জাতীয় নির্বাচন কমিশন।
মমতা বন্দ্যোপাধ্যায় ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়- দুই শিবিরকেই চিঠি পাঠানো হয়েছে। ঋতব্রত-পন্থীদের ১২ সেপ্টেম্বর দিল্লিতে সকাল ১১টা অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরকে ওই দিনই দুপুর ১২টায় সময় দেওয়া হয়েছে। দুই শিবিরের তরফেই পাঁচজন করে প্রতিনিধি উপস্থিত থাকতে পারবেন।
নির্বাচন কমিশনের এই তলবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবেই দেখা হচ্ছে। যদি সংখ্যাগরিষ্ঠতার বিচারে ঋতব্রত-পন্থীদের জোড়াফুল প্রতীক দেওয়া হয়, তবে সেকেন্ড অপশন হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরকে কী প্রতীক দেওয়া হবে, তার দিকে নজর থাকবে। অন্যদিকে যদি কালীঘাট শিবিরের হাতে জোড়াফুল প্রতীক যায়, তাহলে অস্তিত্ব সঙ্কটে পড়বে ঋতব্রত শিবির।
আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন। এই দুই আসনে কোন কোন দল প্রার্থী দেবে, তা নিয়ে জোর চর্চা চলছে। তৃণমূলের তরফেই বা কে বা কারা প্রার্থী হবে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এরমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের তলব। তৃণমূলের জোড়াফুল প্রতীক কে পাবে, তা নিয়ে সিদ্ধান্ত নিতেই দুই পক্ষকে এই তলব।