গ্রেফতারির ভয়! আগাম জামিন চেয়ে হাইকোর্টে কীর্তি আজাদ

5

পৃথা দাশগুপ্ত, কলকাতা: প্রায় ১৫ লক্ষ টাকা তোলাবাজি এবং হুমকির অভিযোগ। গ্রেফতারের আশঙ্কায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। আগাম জামিন চেয়ে আবেদন করেছেন তিনি। বর্ধমান-দুর্গাপুরের সাংসদের বিরুদ্ধে ১৫ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে রানিগঞ্জ থানায় এফআইআর হয়। ওই মামলায় আগাম জামিনের আবেদন।‌

২০২৫ এর ২১ মে কীর্তি আজাদের দুর্গাপুরের বাংলোয় এক ব্যবসায়ীকে ফোন করে ডাকা হয়। অভিযোগ, সেখানে ওই ব্যবসায়ী গেলে তাঁর কাছ থেকে ১৫ লক্ষ টাকা তোলা চান কীর্তির এক সহযোগী। বলা হয়, ওই টাকা না দিলে ব্যবসায়ীর রান্নার গ্যাসের ব্যবসা বন্ধ করে দেবেন। ওই ঘটনার অডিয়ো রেকর্ড রয়েছে বলে দাবি করেন ব্যবসায়ী। তার প্রেক্ষিতেই কীর্তি আজাদ-সহ তাঁর কয়েক জন সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের হয়।

কীর্তির দাবি, ঘটনার দিন তিনি দুর্গাপুরে ছিলেন না। ওই দাবির সমর্থনে বিমানযাত্রার তথ্য আদালতে জমা দিয়েছেন কীর্তি। এমনকি পুরো ঘটনা রাজনৈতিক চক্রান্ত বলেও জানিয়েছেন সাংসদ। ‌

সাংসদের বক্তব্য, তিনি তদন্তে সহযোগিতা করতে চান। তাঁকে জামিন দিক আদালত। আগেই মামলা দায়ের করার অনুমতি দিয়েছিল হাইকোর্ট। চলতি সপ্তাহে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানির সম্ভাবনা।।‌

আগাম জামিনের আবেদনে তৃণমূল সাংসদের যুক্তি, ঘটনাটির প্রায় ১৫ মাস পরে থানায় এফআইআর দায়ের হয়েছে। ১৫ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ উঠলেও, সেই টাকা আদৌ দেওয়া হয়েছিল কি না, তার কোনও প্রমাণ নেই।

তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ চেয়ে আরেকটি মামলা করেছেন প্রাক্তন ক্রিকেটার। চলতি সপ্তাহে সেই মামলাটিরও শুনানি বিচারপতি কৌশিক চন্দের এজলাসে হতে পারে।