ব্রিকসে স্বীকৃতি অসমের মাদক বিরোধী অভিযানের

20

নিউজ ডেস্ক: ব্রিকস ঘোষণাপত্রে ‘গুয়াহাটি ঘোষণা’-র স্বীকৃতিকে স্বাগত জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি একে মাদক পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।
ব্রিকস সদস্য দেশের প্রধানরা ‘গুয়াহাটি ঘোষণা’টি গ্রহণ করেছেন এবং গুয়াহাটি ঘোষণাপত্র ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত ঘোষণাপত্রে স্বীকৃতি পেয়েছে।
হিমন্ত বলেন, এই ঘটনা মাদক ব্যবসার বিরুদ্ধে সম্মিলিত লড়াইয়ে অসমের ভূমিকাকে আন্তর্জাতিক স্তরে আরও জোরালো ও গুরুত্বপূর্ণ করে তুলেছে।
তিনি উল্লেখ করেন যে, উত্তর-পূর্বাঞ্চলে মাদক পাচারের একটি অত্যন্ত সংবেদনশীল বা গুরুত্বপূর্ণ করিডোরের ওপর অবস্থিত হওয়ার কারণে অসমের জন্য এই স্বীকৃতি বিশেষ তাৎপর্যপূর্ণ।
হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন যে, মাদক পাচার চক্র মোকাবিলায় আইন প্রয়োগ ব্যবস্থা জোরদার করা, গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং সমন্বিত পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে অসমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
ব্রিকস দেশগুলোর মধ্যে পরিচালনগত ও কারিগরি সহযোগিতার ওপর বাড়তি গুরুত্ব আরোপের বিষয়টিকে স্বাগত জানিয়ে হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, শক্তিশালী আন্তর্জাতিক সমন্বয় মাদক পাচারকারীদের নেটওয়ার্ক ভেঙে দিতে এবং তরুণ সমাজকে সুরক্ষা দিতে আরও কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করবে মাদক বিরোধী অভিযান।
হিমন্ত বলেছেন, ‘গুয়াহাটি ঘোষণা’-র স্বীকৃতি প্রমাণ করে যে, অসম নিজের সীমানার বাইরের বিভিন্ন বিষয়েও আলোচনায় অবদান রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
উত্তর-পূর্ব ভারতে আমাদের অবস্থান থেকে আমরা একটি নিরাপদ ও সুরক্ষিত অঞ্চল গড়ে তোলার ক্ষেত্রে নিজেদের ভূমিকা আরও জোরদার করছি, দাবি হিমন্ত বিশ্ব শর্মার।
এই স্বীকৃতিকে গুয়াহাটি ও অসমের জন্য একটি গর্বের মুহূর্ত হিসেবে অভিহিত করেন হিমন্ত এবং বলেন যে, মাদকের বিরুদ্ধে অসমের প্রচেষ্টা এখন বিশ্বমঞ্চে স্বীকৃতি পাচ্ছে।
হিমন্ত বিশ্ব শর্মার মতে, এই স্বীকৃতি একটি শক্তিশালী, নিরাপদ ও সুরক্ষিত রাজ্য গড়ে তোলার ক্ষেত্রে অসমের সংকল্পকে আরও সুদৃঢ় করবে।