ইউপিআই লেনদেনে মাশুল নিয়ে সরব রাহুল গান্ধী

42


নিউজ ডেস্ক: ইউপিআইয়ের মাধ্যমে ২০০০ টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে প্রেরক এবং গ্রাহক, কারও থেকে মাশুল নেওয়া যাবে না, জানিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু এর বেশি টাকা ইউপিআইয়ের মাধ্যমে লেনদেন করলে কী হবে সেটা জানায়নি। কেন্দ্রের বিজ্ঞপ্তির পরই তীব্র সমালোচনা বিরোধী দলনেতা রাহুল গান্ধীর।
সমাজমাধ্যমে রাহুল বলেছেন, মোদী সরকার নীরবে ইউপিআই-এর ওপর মাশুল আরোপের পথ প্রশস্ত করেছে।
এরপর বলেছেন, এখন থেকে ২,০০০ টাকার বেশি মূল্যের মার্চেন্ট ইউপিআই লেনদেনের ওপর এমডিআর ধার্য করা যেতে পারে। যদিও লেনদেনের সংখ্যার বিচারে এগুলি মোট লেনদেনের মাত্র ৫ শতাংশ, তবুও ইউপিআই-এর মাধ্যমে হওয়া মোট লেনদেনের অর্থমূল্যের প্রায় ৬৫ শতাংশই আসে এই ধরনের লেনদেন থেকে।
রাহুল গান্ধীর মতে, সরকার বলছে যে গ্রাহকদের ওপর কোনো ফি ধার্য করা হবে না। কিন্তু দোকানদারদের ওপর যে ফি চাপানো হবে, তার খরচ শেষ পর্যন্ত কোথা থেকে আসবে? পণ্যের দামের সঙ্গে তা যুক্ত হবে এবং সরাসরি গ্রাহকের পকেট থেকেই সেই অর্থ বেরিয়ে যাবে।
শূন্য এমডিআর নিয়ে রাহুলের বক্তব্য, আমেরিকান পেমেন্ট কোম্পানিগুলো দীর্ঘদিন ধরেই ভারতের ‘জিরো-এমডিআর’ নীতির বিরোধিতা করে আসছে। এখন মোদী সরকার ঠিক সেই অভিমুখেই নীতি পরিবর্তনের পথ খুলে দিয়েছে।
ঠিক যেমনটা মার্কিন বাণিজ্য চুক্তির ক্ষেত্রে ঘটেছিল, প্রধানমন্ত্রী মোদী আবারও মার্কিন চাপের কাছে নতিস্বীকার করছেন, লিখেছেন রাহুল গান্ধী।