২৫ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ভিলেজ রকস্টার টু

40

নিউজ ডেস্ক: অসমে প্রদর্শনের পর, রিমা দাসের ‘ভিলেজ রকস্টার ২’ ২৫ সেপ্টেম্বর ভারতের ছয়টি শহরে মুক্তি পাচ্ছে। কৈশোর, সংগীত এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয় নিয়ে নির্মিত এই চলচ্চিত্র এবার বৃহত্তর দর্শকের কাছে পৌঁছে দিচ্ছেন রিমা দাস।
অসমের চলচ্চিত্র পরিচালক রিমা দাসের পুরস্কারজয়ী সিনেমা ‘ভিলেজ রকস্টার ২’ আগামী ২৫ সেপ্টেম্বর মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ ও পুনের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
অসমে প্রদর্শনী এবং মামি ইন্ডিপেন্ডেন্ট-এ প্রদর্শিত হওয়ার পর ছবিটি এবার ভারতের ছয়টি শহরে মুক্তি পাবে। রিমা দাসের ২০১৭ সালের চলচ্চিত্র ভিলেজ রকস্টার-এর সিক্যুয়েল বা পরবর্তী পর্ব হলেও, নতুন এই ছবিটি একটি স্বতন্ত্র কামিং-অব-এজ বা বেড়ে ওঠার গল্প হিসেবে তৈরি করা হয়েছে, যেখানে শৈশব, কৈশোর, সংগীত, প্রকৃতি, জলবায়ু পরিবর্তন এবং মা ও মেয়ের সম্পর্কের ওপর আলোকপাত করা হয়েছে।

ভিলেজ রকস্টার ২’-এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয় বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, যেখানে এটি কিম জিসক অ্যাওয়ার্ড পায়। এরপর বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটির ইউরোপীয় প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। ছবির প্রযোজক গোয়েঙ্কা এন্টারপ্রাইজেস।
রিমা দাসের পরবর্তী ছবি ‘নট আ হিরো’-র এশিয় প্রিমিয়ার আগামী মাসে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।