বিমানবন্দর চত্বরে মসজিদে প্রার্থনা বন্ধ রাখা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা

28

পৃথা দাশগুপ্ত, কলকাতা: প্রায় ৪০-৫০ বছর ধরে দমদমে কলকাতা বিমানবন্দরের কাছে মসজিদে রয়েছে নমাজ পড়ার ব্যবস্থা। গত ১১ জুলাই থেকে সেই নমাজ বন্ধ। নিরাপত্তা নিয়ে ঝুঁকি থাকার কথা জানিয়ে নমাজ বন্ধ করে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সেই মসজিদে নমাজ পড়ার অনুমতি পেতে মামলা কলকাতা হাইকোর্টে ।

আজ এই মামলার সওয়াল-জবাব শেষে অন্তর্বর্তী নির্দেশ দেয়নি হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ।

বিচারপতি কৃষ্ণা রাওয়ের একক বেঞ্চে আইনজীবী কিশোর দত্ত বলেন, “যে মসজিদে ৪০-৫০ বছর ধরে প্রার্থনা হয়, সেখানে নমাজ বন্ধ করে দেওয়া হয়েছে। ওই জমি এখনও অধিগ্রহণ হয়নি। গত ৫০ বছরে নিরাপত্তা বিঘ্নিত না হলে, এখন কেন সেই প্রশ্ন উঠছে! নিয়ন্ত্রণ রেখেই আপাতত প্রবেশ করতে দেওয়া হোক।‌”

বিমানবন্দরের তরফে আইনজীবী গোপাল মুখোপাধ্যায় বলেন, “ওই মসজিদে শুধুমাত্র প্রার্থনা নয়, হয় বৈঠক। রানওয়েতেও লোক ঢুকে পড়ে । নিরাপত্তার সমস্যা হয়”

পাশাপাশি কেন্দ্রের তরফেও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সমস্যার কথা বলা হয় কলকাতা হাইকোর্টে।

বিচারপতি কৃষ্ণা রাও ইজরায়েলের বিমান হাইজ্যাক হওয়ার ঘটনার কথা উল্লেখ করে বলেন, “এখন এই নিরাপত্তার ফাঁক গোটা বিশ্বে। দুবাইয়ের ফ্লাইটের ঘটনা দেখুন।”

এই মামলায় কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়নি। আগামী ৭ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি।