রবিবার রাজ্যসভায় বিজেপির প্রার্থী ঘোষণা, সোমে বিজেপি’তে যোগ কোয়েল মল্লিকের

59

পৃথা দাশগুপ্ত: ঘাস ফুল ছেড়ে পদ্মফুল। বিজেপিতে যোগ কোয়েল মল্লিকের। তৃণমূলে যোগ দিয়ে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন। রাজ্যে পালাবদল। তারপর সাংসদ পদ থেকে ইস্তফা। ইস্তফা দেওয়ার পরই বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা। তারপর থেকেই জল্পনা।‌ অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক।

বিজেপি টিকিটে ফের রাজ্যসভার প্রার্থী হচ্ছেন তিনি। রবিবারে সেই তালিকা প্রকাশ্যে এসেছে। আজই রাজ্যসভায় মনোনয়ন জমা দেবেন।‌তার আগে মুরলিধর লেনে বিজেপি কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিজেপির পতাকা হাতে তুলে নিলেন কোয়েল মল্লিক।

কোয়েল বলেন, “রাজ্যসভার সদস্য হতে পেরে নিজেকে সম্মানিত ও ধন্য মনে করছি। এটা বড় দায়িত্ব। দেশের মানুষের কল্যাণ এবং সেবা করার যে ধর্মটা পালন করে থাকি, তার জন্য একটা প্ল্যাটফর্ম পেলে খুব স্বাভাবিকভাবে ক্ষমতাটা বেড়ে যায়। তার জন্য খুবই আনন্দিত। আমি ধন্যবাদ জানাতে চাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। ওঁরাই আমাকে বেছে নিয়েছেন।”

কোয়েল মল্লিক বলেন, “শেষ কিছু মাস ধরে বাংলায় যেভাবে উন্নয়নের কাজ শুরু হয়েছে, সেটা দেখে আমরা খুবই আনন্দিত। রাজ্যের উন্নয়ন হোক, এটাই মানুষ চায়। আসলে এটা এমন একটা প্ল্যাটফর্ম, যেখানে আমরা সংবাদপত্র পড়ে হয়তো ইস ইস বলতে পারি, সেখানে যদি আমি কোনও কিছু যোগ করতে পারি, তাহলে আমি ধন্য মনে করব‌।।”

তিনি আরও বলেন, “আমি চাই বাংলার মানুষ যেন আনন্দে থাকে। কাজ যেন বাড়ে। সোশ্যাল মিডিয়ায় এত টক্সিসিটি কেন বেড়ে যাচ্ছে, সেটাও তো জানতে হবে। আসলে কাজ নেই, কাজের অভাব। পশ্চিমবঙ্গে যদি স্কুল বাড়ে, তাহলে শিক্ষা দান ভাল হবে। উন্নত মানের শিক্ষা যেন হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। যাঁরা প্রিভিলেজড নয়, তাদের জন্য ভাবতে হবে।”