আরও চাপে অভিষেক, আবার হাজিরা! চাওয়া হল একাধিক নথি

9

পৃথা দাশগুপ্ত, কলকাতা: আরও চাপে অভিষেক। সই জালিয়াতি, প্রাথমিকে নিয়োগ দুর্নীতির পর এবার ভোট প্রচারে উস্কানিমূলক বক্তব্যের মামলায় জিজ্ঞাসা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মঙ্গলবার ভবানী ভবনে হাজিরা দিতে ডাকা হয়েছে তাকে। পাশাপাশি, লিপ্স এন্ড বাউন্ডস -এর সমস্ত নথি, ব্যাংকের তথ্য চেয়ে পাঠালো ইডি।

প্রথমে সই জালিয়াতি মামলার পর সোমবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবার ভোট প্রচারে তার ‘ডিজে বাজানোর’ মন্তব্যের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার তাকে তলব করেছে CID। রবিবার ৮ ঘন্টা, সোমবার ১১ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর এই মামলায় মঙ্গলবার তাকে কতক্ষণ জিজ্ঞাসাবাদ করে CID সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

সোমবার সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে সাংবাদিকদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তারা তাদের কাজ করছে। রাজনৈতিক চাপ আছে কিনা জানা নেই। বিজেপি সম্পর্কে যত কম বলা যায় তত ভাল। আগামী দিনেও যদি আমায় ডাকে, আমার পূর্ব নির্ধারিত কর্মসূচি না থাকলে নিশ্চয় যাব।’

এছাড়াও ইডি সূত্রে খবর, লিপ্স এন্ড বাউন্ডস- এর সমস্ত তথ্য যত দ্রুত সম্ভব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিতে হবে। প্রত্যেকটি ব্যাংক একাউন্টের নথি, লেনদেন সংক্রান্ত তথ্য সমস্ত কিছু চেয়ে পাঠানো হয়েছে। ‌

প্রসঙ্গত, এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় এজেন্সির তদন্তে উঠে এসেছিল লিপস এন্ড বাউন্ডসের নাম। এই লিপস এন্ড বাউন্ডসের আলিপুরের অফিসে অভিযান চালিয়েছিল ইডি। সংস্থার CEO অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন লিপস অ্যান্ড বাউন্ডসের COO সুজয়কৃষ্ণ ভদ্র। এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও অতীতে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। ইডি সূত্রে দাবি, একটি অডিও রেকর্ডিংয়ে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর মুখে উঠে এসেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর পরীক্ষা করার পর আরও কিছু তথ্য হাতে আসে তদন্তকারীদের। ইডি সূত্রে আরো দাবি, সেই সংক্রান্ত নতুন কিছু তথ্যকে সামনে রেখেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নতুন করে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা।