বকেয়া বন্যাত্রাণের দাবিতে অখিলের ধর্না

36

নিউজ ডেস্ক: উজান অসমের বন্যাক্রান্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ এবং বিধ্বংসী বন্যার কারণ অনুসন্ধানে সিবিআই তদন্তের দাবিতে অনশন শিবসাগরের বিধায়ক অখিল গগৈয়ের। শুক্রবার অসম বিধানসভা চত্বরে অনির্দিষ্টকালের জন্য অনশন কর্মসূচি শুরু করেছেন ‘রাইজর দল’-এর সভাপতি অখিল গগৈ।
গান্ধী জয়ন্তীতে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়ে অখিল গগৈ এই আন্দোলন শুরু করেন। অখিল গগৈয়েরও জন্মদিন ২ অক্টোবর। তাঁর অভিযোগ, বন্যাদুর্গত পরিবারগুলোকে প্রতিশ্রুতি অনুযায়ী সহায়তা প্রদানে অসম সরকার ব্যর্থ হয়েছে।
বন্যাত্রাণ বিতরণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অখিল গগৈ সরকারকে ১ অক্টোবরের সময়সীমা বেঁধে দিয়েছিলেন। তিনি ঘোষণা করেছিলেন যে, ওই সময়ের মধ্যে কাজ সম্পন্ন না হলে গান্ধী জয়ন্তীতেই প্রতিবাদ শুরু করবেন।
অখিলের দাবি, শিবসাগর, চরাইদেও, জোড়হাট এবং গোলাঘাট জেলার ৩০ থেকে ৪০ শতাংশ বন্যাক্রান্ত পরিবার এখনও প্রতিশ্রুতি অনুযায়ী ১৫,০০০ টাকার আর্থিক সহায়তা পায়নি।
তাঁর আরও অভিযোগ, বন্যায় শিবসাগর ও চরাইদেওয়ের মারাত্মক ক্ষতিগ্রস্ত এলাকার পীড়িতরা ঘোষিত অতিরিক্ত ১০,০০০ টাকার বিশেষ ত্রাণও পায়নি।
বকেয়া ত্রাণ ছাড়াও, অখিল গগৈ ওই চারটি জেলায় বন্যায় ব্যাপক ক্ষতির শিকার প্রতিটি পরিবারের জন্য ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
গত ২৩ সেপ্টেম্বর গুয়াহাটির সসলে আয়োজিত এক জনসভায় এসব দাবি প্রথম উত্থাপন করেছিলেন অখিল গগৈ। অখিল গগৈ বলেন, সরকার নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেছে, অথচ প্রায় অর্ধেক বন্যাতর্ মানুষ এখনও খালি হাতে রয়ে গেছে। আমাদের জনগণের অধিকার ও অস্তিত্ব রক্ষার লড়াইয়ে গণতান্ত্রিকভাবে শামিল হতে আমরা গান্ধী জয়ন্তীর দিনেই এই আন্দোলন শুরু করেছি।
অখিল গগৈ জানিয়েছেন, যতক্ষণ না বন্যা-কবলিত সকল যোগ্য পরিবার কাঙ্ক্ষিত আর্থিক সহায়তা পাচ্ছে, ততক্ষণ এই আন্দোলন অব্যাহত থাকবে।