শ্যামাপ্রসাদের জন্মদিবস পালনে পশ্চিমবঙ্গে অমিত শাহ

45

পৃথা দাশগুপ্ত,কলকাতা:সোমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী। এই দিবসকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই প্রথম বার শ্যামাপ্রসাদের জন্মদিনে রাজ্যে অমিত শাহ। শ্যামাপ্রসাদের জন্মদিবস পালনের জন্য এমনিতেই দেশ জুড়ে বিভিন্ন কর্মসূচি রয়েছে বিজেপির।

ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক বাড়িতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন থেকে শুরু করে নিউটাউনের ইকো পার্কে তাঁর ১২৫ ফুট উচ্চতার প্রস্তাবিত মূর্তির শিলান্যাস এবং বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে জাতীয় উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

সোমবার দুপুর ১.২৫ এ সরকারি বাসভবন থেকে পালাম বিমানঘাঁটির উদ্দেশে রওনা দেবেন অমিত শাহ । সেখান থেকে বেলা ১.৫০ মিনিটে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন ৷ বিকেল ৩.৫০ এ কলকাতায় বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাঁর ।

বিমানবন্দর থেকে প্রথমেই তিনি যাবেন ভবানীপুরে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাসভবনে । সেখানে তাঁর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব ।

ভবানীপুরের কর্মসূচি শেষ করে শাহের পরবর্তী গন্তব্য নিউটাউনের ইকো পার্ক । বিকেল ৪.৫০ থেকে বিকেল ৫.১০ পর্যন্ত সেখানে তিনি ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উঁচু এক বিশাল মূর্তি নির্মাণের ভূমিপূজা ও শিলান্যাস অনুষ্ঠানে অংশ নেবেন।

ইকো পার্কের অনুষ্ঠান শেষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পৌঁছবেন বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে । সেখানে ড. শ্যামাপ্রসাদের ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত ন্যাশনাল সেলিব্রেশনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি । বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব এবং বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিনিধি ও কর্মীদের উপস্থিতি থাকার কথা।

সেখান থেকে সন্ধে ৭টায় কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন এবং ৭.১৫ মিনিটে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে দিল্লি ফিরে যাবেন তিনি।‌

পশ্চিমবঙ্গ দিবস’ পালন করতে রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানও আয়োজিত হয়েছিল কলকাতায়। প্রধানমন্ত্রী মোদী নিজে যোগ অনুশীলন করেছেন রেড রোডে। এ বার শ্যামাপ্রসাদের জন্মদিবস পালনের অনুষ্ঠানকেও বর্ণময় করে রাখতে চাইছেন বিজেপি নেতৃত্ব।