নিউজ ডেস্ক: আপ্তসহায়ক সুমিত রায়কে খুঁজতেই সাত সকালে কালীঘাট রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তালা ভেঙে ঢুকল পুলিশ। বাড়ি ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী। পুলিশ এসেছে শুনে তড়িঘড়ি পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। বেশ কিছুক্ষণ তল্লাশির পর অবশ্য বেরিয়ে আসেন পুলিশ আধিকারিকরা।
জমি দুর্নীতি মামলায় কয়েক দিন আগেই গ্রেফতার হয়েছেন মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা। পুলিশ সূত্রে খবর সুজয় হাজরাকে জিজ্ঞাসাবাদ করে অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের নাম উঠে আসে। আর্থিক তছরুপের অভিযোগ সুমিতের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, সুমিতের টাওয়ার লোকেশন ট্র্যাক করেন তদন্তকারীরা। টাওয়ার লোকেশন পাওয়া যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে। সেই সূত্র ধরে রাতেই কালীঘাট থানায় পৌঁছে যান তদন্তকারীরা। এরপর কালীঘাট থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে অভিযান।
রাত ৩টের সময় অভিষেকের বাড়ির সামনে হাজির হন পুলিশ আধিকারিকরা। বহু ডাকাডাকিতেও কেউ দরজা খোলেন না। শেষে পৌনে ছটা নাগাদ ডিজাস্টার ম্যানেজমেন্টের টিমকে ডেকে গ্যাস কাটার দিয়ে তালা ভাঙা হয়। এরপরই পুলিশ ঢোকেন তৃণমূল সাংসদের বাড়িতে। খবর পেয়েই অভিষেকের বাড়িতে চলে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কিছুক্ষণের শালবনী থানার পুলিশ বেরিয়ে আসে। মিনিট পাঁচেক কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। পুলিশ চলে যেতেই বেরিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের একটি প্রশ্নেরও জবাব দেননি তিনি।
ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল সাংসদ ঘটনাকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে তোপ দেগেছেন শাসক দলের বিরুদ্ধে। এক্স পোস্টে তিনি লিখেছেন, ‘রাজনৈতিক প্রতিহিংসা, ভয় দেখানো এবং মানসিক নির্যাতন। অপারেশন লোটাস-এর লক্ষ্যবস্তু হচ্ছেন সেই সব নেতা, যারা বিজেপির নির্দেশ বা ফরমানের কাছে মাথা নত করতে অস্বীকার করছেন। বিরোধী দলের এক নেতার উপর এ এক লজ্জাজনক আক্রমণ। প্রতিহিংসাপরায়ণ, ষড়যন্ত্রমূলক এবং অত্যন্ত নীচ ও ঘৃণ্য কৌশল। ধিক্কার।’
তল্লাশি নিয়ে পুলিশের রিপোর্টেও উল্লেখ করা হয়েছে, অভিষেকের বাড়িতে ‘কিছুই মেলেনি’।
শুক্রবারই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে যায় সিআইডি। ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্যের জেরে মঙ্গলবার তাঁকে হাজিরার নোটিস ধরায়। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে নোটিস নিতে অস্বীকার করা হয়। আগামিকাল অর্থাৎ রবিবার, সই জাল মামলায় ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। সোমবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে ডেকে পাঠিয়েছে ইডিও। এবার তাঁরই আপ্তসহায়ককে খুঁজতে কালীঘাট রোডের বাড়িতে হাজির হল পুলিশ।