নিউজ ডেস্ক: প্রত্যাশা অনুযায়ী শিলচর পুরভোটে জয়ী হয়েছে শাসক দল বিজেপি। ৪২ আসনের মধ্যে বিজেপি জিতেছে ৩২টিতে, সহযোগী অগপ দুটি আসনে জিতেছে। বিরোধী কংগ্রেসের ফলাফল অত্যন্ত খারাপ, জিতেছে মাত্র দুটি পুরসভায়, নির্দলদের ভাগে গেছে ৬ আসন।
শিলচর পুরভোটে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসকে কটাক্ষ করে বলেন যে, ওরা সবসময় হারে। ব্যালট পেপারে ভোট হলেও কংগ্রেসের হারের ধারা বজায় থাকে।
হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, কংগ্রেস ব্যালট পেপারের ক্ষেত্রেও হেরে যায়, বস্তুত, ব্যালট পেপারের ক্ষেত্রে কংগ্রেস আরও বড় ব্যবধানে পরাজিত হয়।
সম্প্রতি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে দাবি করেছেন যে ইভিএম নয়, দেশের সব ভোট করানো উচিত ব্যালট পেপারে। হিমন্তর মন্তব্য প্রকৃতার্থে খাড়গের ব্যালটের দাবির উত্তর।
৩ অক্টোবর ব্যালট পেপারের মাধ্যমে শিলচর পুরনিগমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। বিজেপি দুটি ওয়ার্ডে ফের ভোট গণনার দাবি জানিয়েছে। একটি হল ২৯ নম্বর ওয়ার্ড, যেখানে একজন নির্দল প্রার্থী জয়ী হয়েছেন এবং অন্যটি ৩০ নম্বর ওয়ার্ড, যেখানে কংগ্রেস জয়ী হয়েছে)।
২০২২ সালে শিলচরকে পুরনিগমে (মিউনিসিপ্যাল কর্পোরেশন) উন্নীত করার পর, এবারই প্রথম ভোট হল।
Next Post