পৃথা দাশগুপ্ত, কলকাতা: মহালয়াতে ইডেন এ মেগা অনুষ্ঠান ও রোড শো। সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে। মঙ্গলবার রাত থেকে বন্ধ করে দেওয়া হয়েছে রেড রোড। ১১ অক্টোবর ভোর পর্যন্ত রেড রোডে যান চলাচল পুরোপুরি বন্ধ। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে কলকাতা পুলিশ।
নির্দেশিকায় বলা আছে, রেড রোডে দু’দিকেই যান চলাচল বন্ধ থাকবে। রেড রোডে মঞ্চসজ্জা ও অন্যান্য পরিকাঠামো তৈরির পাশাপাশি সরঞ্জাম নিয়ে যাতায়াত করার জন্য রাস্তা বন্ধ করা হয়েছে। অনুষ্ঠান শেষে পরিকাঠামো খুলে ফেলা হবে।রাস্তা খোলা থাকলে যানজটের সমস্যা হতে পারে। পাশাপাশি যাতে কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তাই এত আগে থেকেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।
মহালয়ার দিন রেড রোড থেকে ইডেন গার্ডেনস পর্যন্ত প্রায় ৭৫০ মিটার রাস্তা জুড়ে রোড শো হবে। মূল অনুষ্ঠান হবে ইডেন গার্ডেনসে।
ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য বিকল্প কোন রাস্তা নির্দিষ্ট করেছে কলকাতা পুলিশ?
খিদিরপুর রোড দিয়ে উত্তরমুখী যানবাহনকে ডাফরিন রোড ও আউট্রাম রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।
রেড রোড অ্যাভিনিউ এবং গভর্নমেন্ট প্লেস (ইস্ট) থেকে দক্ষিণমুখী যানগুলিকে পুলিশ ময়দান রোড ও ডাফরিন রোড হয়ে ঘুরিয়ে দেওয়া হবে।
গুরুত্বপূর্ণ সংযোগকারী রাস্তাগুলিতেও প্রয়োজনমতো যান নিয়ন্ত্রণ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
তবে সাধারণ মানুষের যাতে কোন অসুবিধা না হয় এবং কোন ধরনের যানজট যাতে সৃষ্টি না হয় সেদিকে বিশেষ নজর দিচ্ছে কলকাতা পুলিশ।