দিল্লি বিমানবন্দরে আড়াই ঘণ্টা আটকে তারেক রহমানের উপদেষ্টা,অনুমতি পেয়েও ফিরে গেলেন ঢাকা

25

নিউজ ডেস্ক: ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সিনিয়র আধিকারিকদের কমিটির ২৮তম বৈঠকের আয়োজন করা হয়েছে দিল্লিতে। ভারতের বিদেশ মন্ত্রকের নেতৃত্বে ১৫ এবং ১৬ জুন ওই বৈঠক হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহিদ উর রহমানের ওই বৈঠকে যাওয়ার কথা ছিল বলে সূত্রের খবর। অভিযোগ, রবিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে পৌঁছানোর পর জাহিদ উর রহমানকে নয়াদিল্লির আইজিআই বিমানবন্দরে দুই ঘণ্টারও বেশি সময় আটকে রাখা হয়েছিল।

যদিও পরে অবশ্য উপরমহল থেকে তাঁকে ছেড়ে দেওয়ার নির্দেশ আসে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়। অভিযোগ তত ক্ষণে আড়াই ঘণ্টা কেটে গিয়েছে। আইওআরএ-র বৈঠকে আর যোগ দিতে চাননি জাহেদ উর রহমান। বিএনপি প্রধানের এই সহযোগী জাহিদ উর রহমান কলম্বো হয়ে ঢাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। অভিযোগ, কোনও কারণ ছাড়াই বিমানবন্দরে তাঁকে আটকে রাখা হয়েছিল।
বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোর তথ্য অনুযায়ী, বৈঠকে জাহিদের অংশগ্রহণের বিষয়টি নিয়ে শুক্রবার একটি কূটনৈতিক পত্রের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে (এমইএ) আনুষ্ঠানিকভাবে অবহিত করেছিল নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। প্রথম আলোর প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় যে, এই সফরের আগে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ সংশ্লিষ্ট ভারতীয় কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেছিলেন। যদিও মাত্র কয়েক মাস আগে ক্ষমতায় আসা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার ক্ষেত্রে এমন ঘটনা এটিই প্রথম। যদিও বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান জানান, ‘‘এটা অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক ঘটনা। বিদেশ মন্ত্রক যথাযথ ব্যবস্থা নিচ্ছে।’’
বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো জানিয়েছে, কী কারণে এই ঘটনা ঘটল, ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখছে সে দেশের সরকার। বিস্তারিত খোঁজ নেওয়ার পর এ বিষয়ে পদক্ষেপ করা হতে পারে।