চন্দ্রনাথ রথ খুনে গ্রেফতার অন্যতম মাস্টারমাইন্ড

38

পৃথা দাশগুপ্ত, কলকাতা: শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় গ্রেফতার করা হল আরও এক শ্যুটারকে। পুলিশ সূত্রের খবর, গ্রেফতার হওয়া সেই ব্যক্তির নাম পুনিত রাই। উত্তরপ্রদেশের বারাণসী থেকে এই ব্যক্তিকে গ্রেফতার করেছে সিবিআই। এই ব্যক্তিকে চন্দ্রনাথ রথ খুনের ঘটনার অন্যতম মাস্টারমাইন্ড বলে মনে করা হচ্ছে। পুনিত রাইকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। আজ আদালতে পেশ করা হবে তাকে। আদালতে পেশ করে তাঁকে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ। এই ঘটনার সঙ্গে আর কারা যুক্ত রয়েছে সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা।

ইতিমধ্যেই চন্দ্রনাথ রথ খুনে একাধিক ব্যক্তিকে গ্রেফতার হয়েছে। তবে কেন ভয়াবহভাবে খুন করা হল শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ককে? এই খুনের পিছনে আসল কারণ কী ? কে বা কারা রয়েছে এর পিছনে তা এখনও পর্যন্ত তদন্তে প্রকাশ্যে আসেনি।

নতুন সরকার গঠনের প্রস্তুতি চলছিল জোরকদমে । তাঁর মধ্যেই ভয়াবহ সেই খুনের ঘটনা। রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে, গাড়ি দিয়ে রাস্তা আটকে, পরপর গুলি করে খুন করা হয়, শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। মধ্যমগ্রামের কাছে রাস্তার ওপর গাড়ি দাঁড় করিয়ে, নির্বিচারে গুলি চালিয়ে খুন করা হয় তাঁকে। একেবারে পরিকল্পনা করে, গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল বর্তমান মুখ্যমন্ত্রীর আপ্তসহায়ককে। ভয়াবহ এই ঘটনার তদন্ত ও শুরু করা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে সিবিআই এই তদন্তভার গ্রহণ করে।