দেবারতি ঘোষ, কলকাতা: পার্ক সার্কাস সেভেন পয়েন্টে বুধবার কলকাতা পুলিশের ট্রাফিক কর্মীদের হাতে গরমের বিশেষ কিট তুলে দিলেন কলকাতার নগরপাল অজয় নন্দ। প্রচণ্ড গরমের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশদের উৎসাহ দিতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফে।
এদিন নগরপাল বলেন, কলকাতায় ট্রাফিক পুলিশ যেভাবে প্রতিদিন সুস্থ ও স্বাভাবিকভাবে শহরের যান চলাচল নিয়ন্ত্রণ করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। গরমের কথা মাথায় রেখে ইতিমধ্যেই পুলিশ কর্মীদের ইউনিফর্মে কিছু পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি সার্জেন্টদের ডিউটির সময়ও দু’ঘণ্টা কমানো হয়েছে যাতে অতিরিক্ত গরমে শারীরিক সমস্যা না হয়।
তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি পুলিশ কর্মীদের যেভাবে উৎসাহ দিয়েছেন, তাতে বাহিনীর মনোবল অনেকটাই বেড়েছে। নগরপালের কথায়, “মানুষের জন্যই আমরা আছি। সাধারণ মানুষের নিরাপত্তা ও পরিষেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”
শহরে হেলমেট নিয়ে পুলিশের বিশেষ অভিযান প্রসঙ্গেও এদিন কড়া বার্তা দেন তিনি। জানান, হেলমেটবিহীন বাইক চালকদের বিরুদ্ধে অভিযান আগের মতোই চলবে। পাশাপাশি সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে পার্ক সার্কাস ও রাজাবাজার এলাকায় বাড়তি সতর্কতা বজায় রাখা হয়েছে বলেও জানান নগরপাল।
গত রবিবার পার্ক সার্কাস এলাকায় হওয়া অশান্তির ঘটনায় তদন্ত এখনও চলছে। নগরপাল জানান, পার্ক সার্কাস এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আরও যাঁদের জড়িত থাকার প্রমাণ মিলছে, তাঁদের শনাক্ত করার কাজ চলছে। ইতিমধ্যেই নতুন করে আরও ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে এই ঘটনায় মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০।