শিলিগুড়িতেও ‘দুর্নীতি’ ফাইল খোলার নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

70

শিলিগুড়ি, প্রসেনজিৎ রাহা: উত্তরবঙ্গের উন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা এবং সীমান্ত নিরাপত্তাকে সামনে রেখে উত্তরকন্যায় উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ ও ঘোষণা করেন তিনি।

চা শিল্পের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে মুখ্যমন্ত্রী টি-বোর্ডকে অসম মডেলে উত্তরবঙ্গ ও পাহাড়ের চা-শিল্পকে আধুনিক করার পরামর্শ দেন। প্রয়োজনে টি-বোর্ডের আধিকারিকদের অসমে গিয়ে চা-শিল্পের উন্নয়ন পদ্ধতি সম্পর্কে জেনে আসার কথাও বলেন মুখ্যমন্ত্রী।

স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে বড় ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান, উত্তরবঙ্গে AIIMS, IIT, IIM এবং ক্যান্সার হাসপাতাল গড়ে তোলা হবে। তবে সব প্রকল্প এক জেলায় নয়, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি এবং শিলিগুড়ি পুরনিগমের একাধিক দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে ফাইল খোলার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জিকে শহরের বেআইনি নির্মাণ নিয়ে রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

দার্জিলিংয়ের GTA এলাকায় যেসব জায়গায় এখনও নির্বাচন সম্পূর্ণ হয়নি অথবা সন্ত্রাসের অভিযোগ উঠেছে, সেখানে পুনর্নির্বাচনের বিষয়ে প্রশাসনকে ভাবার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

ডুয়ার্স ও পাহাড়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রশাসনকে সবসময় প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে মাদকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, সীমান্ত এলাকায় পুলিশের নজরদারি বৃদ্ধি এবং সরকারি খরচ কমানোর ওপরও জোর দেন তিনি।

বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকদের গাড়ির তেল সাশ্রয়ের নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি স্পষ্ট জানান, প্রশাসনিক বৈঠকে বিরোধী দলের বিধায়কদেরও আমন্ত্রণ জানানো হবে। আমরা-ওরা নয়, সবাইকে নিয়ে কাজ করতে চাই। এই বার্তাই এদিন দিয়েছেন মুখ্যমন্ত্রী।