পৃথা দাশগুপ্ত, কলকাতা: রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীর স্বস্তি নেই। আবারও মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর । আগামী সোমবার ২৫ মে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়ে নোটিস পাঠানো হয়েছে তাঁকে।
পুর নিয়োগ দুর্নীতি মামলা ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে সুজিত বসুকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চায় সুজিত বসু এবং রথীন ঘোষ কে মুখোমুখি বসিয়ে জেরা করতে। পুরনিয়োগ দুর্নীতিতে এর আগেও একাধিক বার রথীন ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। কিন্তু বারবারই কোন না কোন কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়িয়ে ছিলেন। তার মধ্যে একটা বড় কারণ ছিল বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনের পরেও তিনি বাথরুমে পড়ে গিয়ে আঘাত পেয়েছিলেন বলেও একবার হাজিরা এড়ান।
গত ১৫ মে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তিনি। প্রায় ১০ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। তারপরে বেশ খানিক রাতে তাঁকে ছেড়েও দেওয়া হয়। ইডি দফতরে ঢোকার মুখে তিনি জানিয়েছিলেন, তাঁকে কেন ডাকা হচ্ছে তিনি জানেন না। তবে ইডি দফতর থেকে বেরিয়ে আর কিছু বলেননি তিনি। সোমবার তাঁকে পুরনিয়োগ মামলায় জিজ্ঞাসাবাদ করতে তলব করা হয়েছে।
ইডি সূত্রে খবর, পুরনিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে দক্ষিণ দমদম পুরসভায় বেআইনি ভাবে চাকরি প্রাপকদের নাম সুপারিশ করার ঘটনায় রথীন ঘোষকে তলব করা হয়েছিল। ইডি সূত্রে খবর, ওই তালিকায় কমবেশি ১৫০ জন চাকরিপ্রার্থীর নাম রয়েছে। এই
দুর্নীতির মাধ্যমে নেওয়া টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়েছে। একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টও খতিয়ে দেখা হচ্ছে। সোমবার রথীন ঘোষ সিজিও কমপ্লেক্স এ হাজিরা দেন কিনা সেটাই এখন দেখার।