বৃহস্পতিবার থেকে বিধানসভার অধিবেশন, সদনে পেশ হবে UCC বিল

18

ব্যুরো রিপোর্ট: বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে অসম বিধানসভার অধিবেশন। চারদিনের এই অধিবেশনে রয়েছে একগুচ্ছ কর্মসূচি। নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণের পাশাপাশি অধিবেশনের শেষদিনে বিধানসভায় পেশ হবে UCC বিল।

অসম বিধানসভার ফাইল ছবি।

অধ্যক্ষ পদে মনোনয়ন বিধায়ক রঞ্জিত দাসের

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে অসম বিধানসভার ৪ দিনের বিশেষ অধিবেশন। বিধানসভার অধিবেশনের প্রথম দিনে অনুষ্ঠিত হবে শপথ গ্রহণ। নবনির্বাচিত বিধায়করা এদিন শপথ নেবেন। ২৩ এবং ২৪ মে দু-দিন বন্ধ। ২৫ ও ২৬ মে যথারীতি চলবে সদনের কাজকর্ম। বিধানসভা অধিবেশনের আগে বুধবার বিকেলে অধ্যক্ষ পদের জন্য মনোনয়ন পত্র দাখিল করেন ভবানিপু-সরভোগের বিধায়ক রঞ্জিত দাস। বিজেপির পক্ষ থেকে অধ্যক্ষ পদে বিধায়ক রঞ্জিত দাসকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছিল। বৃহস্পতিবার নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণের পর অনুষ্ঠিত হবে অধ্যক্ষ নির্বাচন। এদিকে, এবার বিধানসভার অধিবেশনে সদনে দেখা যাবে একগুচ্ছ নতুন বিধায়ককে।

কংগ্রেসের দলনেতা নির্বাচন হবে বৃহস্পতিবার

বিধানসভা অধিবেশনের প্রথম দিন বিরোধী দলনেতা ছাড়াই সদনে বসতে পারে কংগ্রেস। সূত্রের খবর বৃহস্পতিবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে দলের CLP-র বৈঠক। কে হচ্ছেন কংগ্রেসের বিরোধী দলনেতা? গৌরব গগৈর উপস্থিতিতে বিষয়টি নিয়ে আলোচনা হবে CLP-র বৈঠকে।

বিধানসভায় পেশ হবে UCC বিল

এদিকে, বিধানসভার শেষ দিন অর্থাৎ আগামী ২৬ মে সদনে পেশ হবে UCC বিল। বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ২৬-এ বিজেপি সরকার গঠন করলে বিধানসভার প্রথম অধিবেশনে সদনে পেশ হবে UCC বিল। যেমন ঘোষণা, তেমনই হচ্ছে। এদিকে, UCC নিয়ে সরকারকে নিশানা করেছে কংগ্রেস। সব মিলিয়ে এই মুহূর্তে অসম বিধানসভায় ব্যাপক প্রস্তুতি। বৃহস্পতিবার শপথ নেবেন একগুচ্ছ নতুন বিধায়ক। পাশাপাশি একাধিক ইস্যুতে উত্তপ্ত হতে পারে সদন।