নিউজ ডেস্ক: দুই প্রধানমন্ত্রীর মাখোমাখো সম্পর্ক বিশ্বের কাছে বেশ চেনা। এবার শুধু সেলফি কিংবা কাছাকাছি এসে থেমে যাওয়া নয়। একেবারে ভারতের প্রধানমন্ত্রী ও ইতালির প্রধানমন্ত্রী গায়ে গা ঠেকিয়ে এখ উষ্ণ সময় কাটালেন। ভারত থেকে এক বিশেষ উপহারও নিয়ে গেলেন প্রধানমন্ত্রী তা মেলোনির হাতে তুলেও দিলেন।
ইতালিয় ‘বন্ধুকে’ টফি উপহার মোদীর। মোদী রোমে আসতেই তাঁকে স্বাগত জানাতে যান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। আর মেলোনির সঙ্গে প্রথম সাক্ষাতেই তাঁকে মেলোডি টফি উপহার দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১১ সেকেন্ডের সেই মজার ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মেলোনি। ভিডিওটিতে ইতালির প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায় ভারতের প্রধানমন্ত্রী আমার জন্য টফি উপহার এনেছেন। মেলোনির পাশাপাশি হাসতে দেখা যায় মোদীকেও।
পোস্টের সঙ্গে সঙ্গে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ১০ লক্ষ মানুষ দেখে ফেলেন। অনেকে মন্তব্যও করেন। কিন্তু মেলোনি যে মেলোডি টফি পছন্দ করেন তা মোদী জানলেন কী করে? আসলে ২০২৪ সালের ১৩ থেকে ১৫ জুন পর্যন্ত ইতালির আপুলিয়ার ফাসানো শহরে বসেছিল পঞ্চাশতম জি-৭ শীর্ষ সম্মেলনের আসর। সেখানে উপস্থিত ছিলেন ভারতোর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সেখানেই মেলোনির সঙ্গে প্রথম আলাপ হয় মোদীর। ভারতের প্রধানমন্ত্রীর জানতে পারেন মেলোডি টফি খেতে খুব ভালোবাসেন মেলোনি। মোদী সে কথা ভোলেননি। ২০২৪ সালের জুনের পর এটাই মোদীর প্রথম ইতালি সফর। আর তাই ‘বন্ধুকে’ খুশি করতে টফিকেই উপহার হিসেবে বেছে নেন মোদী। মোদীর উপহার পেয়ে ইতালির প্রধানমন্ত্রী যে খুশি তা ধরা পড়েছে তাঁর হাসিতেই। আর মোদী-মেলোনির এই ‘মেলোডি’ সম্পর্ক নিয়ে খোঁচাও দিয়েছেন ভারতের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি বলেন, ‘ভারতে পেট্রোলের দাম বাড়ছে। নিট-এর প্রশ্ন ফাঁস হচ্ছে। আর ভাতের প্রধানমন্ত্রী ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে মেলোডি খেতে ব্যস্ত।’
উল্লেখ্য মঙ্গলবার রাতে রোমে পৌঁছতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। রোমের কলোসিয়ামের সামনে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ছবিও তোলেন ইতালির প্রধানমন্ত্রী। সেই ছবি এক্স হ্যান্ডেলে পোস্টও করেন জর্জিয়া মেলোনি। সেই পোস্টে মোদীকে ‘বন্ধু’ বলে উল্লেখ করে মেলোনি লেখেন ‘রোমে স্বাগতম, আমার বন্ধু!’ পরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে নৈশভোজের ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মোদীও। এক্স হ্যান্ডেলে মোদী লেখেন ‘রোমে পৌঁছে ইতালির প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে নৈশভোজে মিলিত হওয়ার এবং ঐতিহাসিক কলোসিয়াম পরিদর্শনের সুযোগ হয়েছে। আমরা বিভিন্ন বিষয়ে মতামত বিনিময় করেছি। বুধবারের আলোচনার জন্য উন্মুখ হয়ে আছি। সেখানে আমরা ভারত-ইতালির বন্ধুত্বকে কী করে আরও জোরদার করা যায় সেই বিষয়ে আলোচনা চালিয়ে যাব।’ প্রসঙ্গত, ৬ দিনে ৫টি দেশ সফরে গিয়েছেন মোদী। সংযুক্ত আরব আমিরশাহি সহ নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস হয়ে শেষ পর্যায়ে ইতালির রোমে মঙ্গলবার পা দেন ভারতের প্রধানমন্ত্রী।