বাড়ি ভাঙায় স্থগিতাদেশ আদালতের

75

১৫ মে ২০২৬, কলকাতা, পৃথা দাশগুপ্ত: তিলজলার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি ভাঙার উপর আপাতত স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের। বিচারপতি রাজা বসু চৌধুরীর নির্দেশ, পুরসভাকে আইন অনুযায়ী নথি যাচাই ও শুনানির সুযোগ দিতে হবে বাড়ির মালিককে। পাশাপাশি ওই বাড়ির বর্তমান অবস্থার স্থিতাবস্থা বজায় রাখতে হবে। কোনও নির্মাণ বা ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা যাবে না।

বেআইনি বাড়ির জন্য কী ব্যবস্থা? আদালতের কাছে জানতে চাইবে রাজ্য সরকার


আদালতের আরও নির্দেশ, ওই বাড়ি থেকে কোনও ব্যবসা চালানো যাবে না। এই মামলার পরবর্তী শুনানি ২২ জুন। বিচারপতির পর্যবেক্ষণ, রাজ্য জুড়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বেআইনি নির্মাণের ফলে বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ। আদালতের একাধিক বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ থাকলেও কোনও কার্যকরী পদক্ষেপ নেয় না কর্তৃপক্ষ, মন্তব্য বিচারপতির।


গত মঙ্গলবার তপসিয়ার একটি কারখানায় আগুন লেগেছিল। আগুনে পুড়ে মারা যান ২ জন। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৩ জনকে। অগ্নিকাণ্ডের ৩০ ঘণ্টার মধ্যে তপসিয়ার কারখানা ভাঙার কাজ শুরু করে রাজ্য প্রশাসন। একটি বুলডোজারও নিয়ে যাওয়া হয়েছিল। ঘটনাস্থলে। বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছিল কারখানা। বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কারখানাটি অবৈধভাবে চলছিল। ওই অবৈধ পরিকাঠামো এক দিনের মধ্যে ভেঙে দেওয়ার নির্দেশ দেন তিনি।


অগ্নিকাণ্ডের ঘটনায় চামড়া কারখানার মালিক জাফর নিশারকে গ্রেফতার করেছে পুলিশ। তিলজলার ঘটনার পরে কলকাতায় যত অবৈধ বিপজ্জনক কারখানা রয়েছে, সবগুলির জলের লাইন কেটে দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।