সরকার বদলের পর ফেরার উপপ্রধান, আবাসের ‘কাটমানি’র কী হবে?

22

অমিত সরকার, কোচবিহার: ‘আমাদের ঘরের টাকা ফিরিয়ে দাও’ প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ কোচবিহারের দিনহাটায়। অভিযোগ, আবাস যোজনার টাকার বদলে দিতে হয়েছে কাটমানি। কারুর থেকে ১০হাজার আবার কারুর থেকে ২০হাজার টাকা হাতিয়েছে তৃণমূল নেতা। কাটমানি দিয়েও আবাস যোজনার জন্য বরাদ্দ টাকা হাতে পাননি বহু গ্রামবাসী। এবার আদায় করা কাটমানির টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ দিনহাটা বিধানসভার পুটিমারী-১ নম্বর গ্রাম পঞ্চায়েতে। শনিবার তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান প্রিয়ঙ্কর রায় বর্মনের বাড়ি ঘেরাও করেন এলাকাবাসীরা। দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ। হাতে প্ল্যাকার্ড নিয়ে অবিলম্বে টাকা ফেরতের দাবি জানান এলাকাবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, রাজ্যে সরকার বদলের পর থেকেই উপপ্রধান প্রিয়ঙ্কর বর্মন পলাতক।

গ্রামের এক বাসিন্দার অভিযোগ, ‘প্রয়োজনীয় নথি এবং কয়েক হাজার টাকা দিয়েও মেলেনি ঘরের টাকা। অন্যের অ্যাকাউন্টে ঢুকেছে তাঁর প্রাপ্য টাকা। স্থানীয় অঞ্চল অফিসে যোগাযোগ করেও মেলেনি সুরাহা।’ আরও এক বিক্ষোভকারী তালিকা দিয়ে অভিযোগ করেন, ‘প্রায় ১২ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান। এছাড়া এলাকার দোকান ভাঙচুরও করেছেন।’

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ক্ষমতা পরিবর্তনের পর থেকেই তৃণমূলের অনেক নেতা বেকায়দায় পড়েছেন। দিকে দিকে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে আসছে। তৃণমূল সরকারে থাকাকালীন বিভিন্ন দুর্নীতিতে নাম জড়িয়েছে দিনহাটা বিধানসভার পুটিমারী-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতাদের। সেই তালিকায় রয়েছেন উপপ্রধান প্রিয়ঙ্কর রায় বর্মন। তবে শনিবার দিনভর বিক্ষোভের পরেও দেখা মেলেনি উপপ্রধানের। তৃণমূল নেতাকে নাগালে না পেয়ে ফুঁসছেন গ্রামবাসীরা।