গুয়াহাটির বন্যা নিয়ন্ত্রণে ১,৪৫৯ কোটি টাকার প্রকল্প

13

নিউজ ডেস্ক, গুয়াহাটি: গুয়াহাটিতে বন্যা নিয়ন্ত্রণে ১,৪৫৯ কোটি টাকার প্রকল্প ঘোষণা করেছে অসম সরকার। ক্রমপরিবর্তনশীল জলবায়ু ও ভৌগোলিক অবস্থানের জন্য অল্প বৃষ্টিতেই গুয়াহাটির বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে পড়ে।

সমাজমাধ্যমে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লিখেছেন, কয়েকটি পাহাড়ের মাঝখানে গুয়াহাটির অবস্থান, অনেকটা পাত্রের মতো। জলবায়ু পরিবর্তনের জন্য অত্যধিক বৃষ্টির মুখোমুখি হয় গুয়াহাটি। যার ফলে শহুরে বন্যা এখন চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

গুয়াহাটির বন্যা পরিস্থিতির নির্মূল করতে দীর্ঘমেয়াদি ব্যবস্থা করতে বদ্ধপরিকর আমাদের সরকার, লিখেছেন অসমের মুখ্যমন্ত্রী।
১,৪৫৯ কোটি টাকার ভিতরে ৫০০ কোটি খরচ হবে বাহিনী নদী সংস্কারে। ৯৫৮ কোটি টাকা খরচ হবে ভরলু নদী সংস্কারে। এই প্রকল্পের মধ্যে রয়েছে ভরলুমুখে একটি স্বয়ংক্রিয় পাম্পিং স্টেশন গড়ে তোলার প্রস্তাব। এর ফলে সামগ্রিকভাবে গুয়াহাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সহজ হবে।

প্রসঙ্গত, প্রতি বছর বর্ষা এলেই গুয়াহাটির বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। পার্শ্ববর্তী রাজ্য মেঘালয় থেকে জল ঢুকে সোনাপুর, ছয়মাইলের বিস্তীর্ণ অঞ্চল যায় ডুবে। চলতি বছরে অত্যধিক বৃষ্টির জেরে মালিগাঁওতে এক মহিলার মৃত্যু হয়েছে।