ফুটবলারকে জঙ্গি সাজানোর চেষ্টা, ক্ষোভ মণিপুরে

20

নিউজ ডেস্ক: ফুটবলারকে জঙ্গি সাজানোর চেষ্টা, ক্ষোভ মণিপুরে। মণিপুরে নাগাদের আক্রমণে আহত মোহনবাগান যুব দলের কুকি ফুটবলার লেইলোন মুনলৌ। তারপর জংলা পোশাকে লেইলোনের ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছে মণিপুরের একটি গোষ্ঠী। তার বিরুদ্ধে মুখ খুলেছে ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন কাংপোকপি (এফপিএকে)। তাঁদের কথায়, এই প্রচার উদ্দেশ্যপ্রণোদিত এবং অসাড়। মণিপুরের ফুটবলার তথা সাধারণ নাগরিকের প্রতি এটা অন্যায় অবিচার।
মণিপুরের কাংপোকপি জেলায় ১৫ জুন নাগাদের আক্রমণে আহত হন তিন কুকি। তাঁদের মধ্যে একজন লেইলোন মুনলৌ। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে চূড়াচান্দপুর জেলা হাসপাতালে।
লেইলোনকে জঙ্গি সাজানোর চেষ্টাকে অপমানজনক, দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়েছে এফপিএকে। এমন একটি সময়ে লেইলোনকে জঙ্গি সাজানোর চেষ্টা হয়েছে যখন এই ফুটবলার হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, বলা হয়েছে এফপিএকের বিবৃতিতে।
একজন পেশাদারি ফুটবলারকে জঙ্গি সাজানোর চেষ্টা শুধুই মিথ্যেই নয়, এটা সত্য, ন্যায় এবং খেলার সম্মানে সরাসরি আক্রমণ, বলেছে এফপিএকে।
ফুটবলে লেইলোনের কৃতিত্বের কথাও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। বহু বছর নিবিড় অনুশীলন, প্রশিক্ষণ ও প্রতিযোগিতামূলক ফুটবল খেলার পর লেইলোন প্রতিষ্ঠা পেয়েছেন। লেইলোন শুরু করেছিলেন ফুটবল ফর চেঞ্জ অ্যাকাডেমিতে, তারপর তিনি চলে যান পাঞ্জাব এফসি পরিচালিত রাউন্ডগ্রাস তরুণ প্রকল্পে। পরে প্রশিক্ষণ নেন মিনার্ভা অ্যাকাডেমিতে। মণিপুরে ফিরে লেইলোন সদর হিলস ফুটবল অ্যাকাডেমিতে ফুটবল খেলতেন। এরপর সুযোগ পান মোহবাগানের অনূর্ধ্ব-১৮ দলে। তাঁর সঙ্গে মোহনবাগানের চুক্তি রয়েছে ২০২৭ পর্যন্ত।
বিবৃতিতে আহত তিন কুকি যুবকের পরিচয় উল্লেখ করা হয়েছে। একজন পেশাদারি ফুটবলার, একজন ঘরহীন আরেকজন ছাত্র। তাঁদের সঙ্গে জঙ্গি ক্রিয়াকলাপের দূর দূর কোনও সম্পর্ক নেই।
বিবৃতিতে বলা হয়েছে, শুধু জঙ্গি সাজানোর চেষ্টাই নয়, তিন আহত কুকি যুবকের সুচিকিৎসাতেও বাধা দেওয়া হয়েছে। ইম্ফলের আধুনিক রিজিওন্যাল ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে (রিমস) তাঁদের চিকিৎসা করানো যায়নি বিক্ষোভের জেরে।
অগুন্তি তরুণ ক্রীড়াপ্রেমীর আকাঙ্ক্ষা বহনকারী একজন ফুটবলার, একজন নিরীহ ছাত্র এবং জাতিদাঙ্গায় ঘর হারানো এক তরুণ এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছে হাসপাতালে। আর এখনই তাঁদের জঙ্গি সাজানোর চেষ্টা চলছে, যা নিন্দাজনক, বলেছে এফপিএকে।
সরকারের কাছে এধরনের অপপ্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং আহতদের সুকিচিৎসার দাবি করা হয়েছে এফপিএকের বিবৃতিতে।