মিজোরামে রাজ্যসভা নির্বাচনে ভোট দিল না বিজেপি-কংগ্রেস

23

স্টাফ রিপোর্টার: মিজোরামে বিজেপি ও কংগ্রেস বিধায়করা ভোট দিলেন না রাজ্যসভার নির্বাচনে। মিজোরামের একটি রাজ্যসভা আসনে লড়াই শাসক দল জোরাম পিওপলস মুভমেন্ট (জেডপিএম) ও বিরোধী মিজো ন্যাশনাল ফ্রন্টের (এমএনএফ) মধ্যে।
৪০ আসনের বিধানসভায় জেডপিএমের দখল রয়েছে ২৭ আসন, এমএনফের বিধায়ক ১০ এবং বিজেপির ২ ও কংগ্রেসের একজন বিধায়ক আছেন।
তাঁদের প্রার্থীকে সমর্থন করার জন্য বিজেপি ও কংগ্রেসকে আহ্বান জানিয়েছিল এমএনএফ। মিজোরামের বিজেপি সভাপতি বেউচা ও কে হ্রামো এই দুই বিধায়ক ভোট দেওয়া থেকে বিরত ছিলেন। কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের নির্দেশেই তাঁরা নিজেদের সরিয়ে নেন নির্বাচন থেকে।
মিজোরামে বিরোধী হলেও এমএমনএফ বিজেপির নেতৃত্বে এনডিএর সদস্য এবং নর্থ ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স বা নেডারও সদস্য। মিজোরাম কংগ্রেস নেতৃত্ব স্থির করেছে রাজ্যসভা নির্বাচনে কোনও প্রার্থীকেই সমর্থন করবে না, সেজন্যই কংগ্রেসের একমাত্র বিধায়ক ভোট দেওয়া থেকে বিরত থেকেছেন।
মিজোরাম কংগ্রেস বিবৃতিতে জানিয়েছে, শাসক জেডপিএম এবং বিরোধী এমএনএফ দুটি দলই এনডিএর সঙ্গে রয়েছে। এদের মধ্যে কাউকে ভোট দেওয়ার অর্থ আদতে এনডিএকে ভোট দেওয়া। সেজন্যই মিজোরামের রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস অংশগ্রহণ করবে না।