নুরুদ্দিন ট্রফি ফাইনালে রেল-গুয়াহাটি

15

গুয়াহাটি, ১৪ মেঃ প্রত্যাশিতভাবেই নুরুদ্দিন ট্রফির ফাইনালে পৌঁছে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এন এফ রেলওয়ে এবং গুয়াহাটি। লখিমপুরকে ১৫২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে রেল। এদিকে তিনসুকিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসের লিডের সুবাদে ফাইনালে পৌঁছে যায় গুয়াহাটি।

অর্ধশতকের পাশাপাশি ৮টি উইকেটও তুলে নেন এনএফ রেলের স্বরূপম পুরকায়স্থ।

তিনসুকিয়ার সাদামাটা ৯৮ তাড়া করতে নেমে প্রথম ইনিংসে ২৪৭ রান করে গুয়াহাটি। ম্যাচের ভাগ্য ঠিক হয়ে যায় সেখানেই। বৃষ্টি বিঘ্নিত সেই ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তিনসুকিয়া তখন ৫৫-৫ রানে, বেল তুলে নেন আম্পায়াররা। ওপেন করতে নেমে ৯০ রানের দুরন্ত এক ইনিংস খেলেছিলেন গুয়াহাটির প্রদ্যেন শইকিয়া। ২ ইনিংস মিলিয়ে ছটি করে উইকেট পান গুয়াহাটি অধিনায়ক কুণাল শর্মা এবং পেসার আয়ুষ্মান মালাকার।

ওপেন করতে নেমে ৯০ রানের দুরন্ত ইনিংস গুয়াহাটি ওপেনার প্রদ্যেন শইকিয়ার।

লক্ষীমপুরের বিরুদ্ধে রেলের জয়ের নায়ক আবার দুই রনজি ক্রিকেটার শিবশঙ্কর রায় ও স্বরূপম পুরকায়স্থ। প্রথম ইনিংসে দুরন্ত অর্ধশতক করেন শিবশংকর। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে দায়িত্ব নেন স্বরূপম। শুধু অর্ধশতকই নয়, প্রথম ইনিংসে ছটি উইকেটও তোলেন অলরাউন্ডার স্বরূপম। দ্বিতীয় ইনিংসেও দুটো উইকেট পান তিনি। শিবশঙ্কর, স্বরূপমের এই ফর্ম ফাইনালে গুয়াহাটির মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়াতে পারে।


বরপেটা এবং উমরাংশুতে হয়েছিল এলিট গ্রুপের দুটো সেমিফাইনাল। ফাইনাল হবে গুয়াহাটির বর্ষাপাড়ায়। উল্লেখ্য, এবার থেকে প্লেট ও এলিট দুটো গ্রুপে হচ্ছে নুরুদ্দিন ট্রফি সিনিয়র আন্তঃজেলা ক্রিকেট টুর্নামেন্ট। এলিট গ্রুপে প্রথম রাউন্ডের সবকটা ম্যাচ ছিল দুদিনের। সেমিফাইনাল হয়েছিল তিন দিনে এবং ফাইনালে চারদিনের ম্যাচ।