ধর্ষণে অভিযুক্তের জামিন, ‘বীরের সম্মান’! VIDEO ভাইরাল

35

নিউজ ডেস্ক: ধর্ষণে অভিযুক্তকে একপ্রকার বীরের সম্মান দিল তাঁর সতীর্থরা। জেল থেকে জামিনে মুক্তির পরই অভিযুক্তকে কাঁধে তুলে গাঁদা ফুলের মালায় ‘সম্মান’ দিল তাঁর ‘শুভানুধ্যায়ীদের’ একাংশ। এই কাণ্ড যোগীর রাজ্য উত্তরপ্রদেশে।

হিন্দু যুব বাহিনীর প্রাক্তন সদস্য সুশীল প্রজাপতি। অভিযোগ, এক আইন বিষয়ে পাঠরত ছাত্রীকে ধর্ষণ করেছে সুশীল। গ্রেফতার করা হয়েছিল অভিযুক্তকে। উত্তর প্রদেশের গাজিয়াবাদের একটি জেল থেকে ১৭মে জামিনে মুক্তি পাওয়ার পর তাকে ফুলের মালা পরিয়ে বীরের মতো স্বাগত জানানো হয়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

জেল থেকে মুক্তির পর ধর্ষণে অভিযুক্তকে মালা পরিয়ে উচ্ছ্বাস।

জেল থেকে বেরনোর পরই সাদা পোশাকে এবং গাঁদা ফুলের মালায় সজ্জিত ধর্ষণে অভিযুক্তকে নিয়ে রোড শো করল তার অনুগামীরা। যা সমাজের একাংশ ভাল ভাবে নেয়নি। ভিডিওটিতে দেখা যাচ্ছে, অভিযুক্তের সমর্থকরা তাকে কাঁধে তুলে নিয়ে স্লোগান দিচ্ছে এবং প্রায় বিজয় মিছিলের মতো একটি শোভাযাত্রা বের করছে। যেখানে সবাই হাত মেলাচ্ছে এবং হাসছে।
অভিযুক্তের বন্ধুরা কেউ ‘ভি’ চিহ্ন দেখাচ্ছে। মোবাইল ক্যামেরায় সেই ভিডিও করতে দেখা গেছে কয়েকজনকে। অভিযুক্ত ব্যক্তি ওই ছাত্রীকে একজন আইনজীবীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার অজুহাতে একটি ফ্ল্যাটে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। প্রায় নয় মাস পর গত ১৭ মে অভিযুক্ত জামিনে মুক্তি পান। পুলিশ জানিয়েছে যে, সমর্থকদের অভিযুক্তের উপর ফুল ছিটানো এবং যানবাহনের বহরে অংশগ্রহণের ভাইরাল ভিডিওগুলো তাঁরা তদন্ত করছেন।