পৃথা দাশগুপ্ত, কলকাতা : ফলতা বিধানসভা কেন্দ্রের নির্বাচনের ঠিক ৪৮ ঘণ্টা আগে ‘ব্যক্তিগতভাবে’ তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে নিজের নাম প্রত্যাহার করেছেন জাহাঙ্গির খান। এবার তাঁর রক্ষাকবচ নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার।
রাজ্য সরকারের যুক্তি, জাহাঙ্গির খান যখন নিজেকে প্রার্থী হিসেবে নাম তুলে নিয়েছেন, তাহলে তাঁর কিসের সুরক্ষা? কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন রাজ্যের সরকারি আইনজীবী।
রাজ্যের আবেদন খারিজ না করলেও, এই মুহূর্তে জাহাঙ্গির খানের আইনি কবচ তুলে নিতে রাজি নন বিচারপতি। আদালতের পর্যবেক্ষণ, আগামী ২৬ মে পর্যন্ত তৃণমূল নেতার এই অন্তর্বর্তীকালীন সুরক্ষা বহাল থাকবে, তার পরেই বিষয়টি খতিয়ে দেখবে হাইকোর্ট।
রাজ্যের আইনজীবীর সওয়াল, জাহাঙ্গির খান ফলতার প্রার্থী হওয়ায় আদালত তাঁর সামাজিক ও রাজনৈতিক গুরুত্ব বিবেচনা করে আইনি রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু গতকালই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
যেহেতু তিনি আর ভোটের ময়দানে লড়াই করবেন না, তাই তাঁর এই রক্ষাকবচের প্রয়োজন নেই। সেক্ষেত্রে আদালত সমস্ত বিষয়ে বিবেচনা করে এই সুরক্ষা অবিলম্বে তুলে নিক।
বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ, আগামী ২৬ মে পর্যন্ত জাহাঙ্গির খানের এই রক্ষাকবচ বহাল থাকবে। পরবর্তীতে নির্ধারিত দিনে আদালত এই সুরক্ষার মেয়াদ বৃদ্ধি বা পর্যালোচনার বিষয়টি নতুন করে বিবেচনা করে দেখবে। ২৬ মে-র পর এই মামলার পরবর্তী শুনানি।