তামিলনাড়ুতে ফের বন্দেমাতরম বিতর্ক

33

নিউজ ডেস্ক: তামিলনাড়ুতে সম্প্রতি ঐতিহাসিক ক্ষমতার হাত বদল হয়েছে। রাজনীতির নানা সমীকরণ, পট পরিবর্তনের পর সেরাজ্যে জোট সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অভিনেতা ও টিভিকে সুপ্রিমো বিজয়। তাঁর শপথের অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকারি নির্দেশিকা মেনে সর্বাগ্রে বন্দেমাতরম বাজানো হয়। কেন রাজ্য-সঙ্গীতের আগে বন্দেমাতরম বাজানো হল তা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক।

বৃহস্পতিবার বিজয়ের মন্ত্রিসভায় বিভিন্ন দল থেকে ২৩ জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন। এই শপথ অনুষ্ঠানেও প্রথমেই বাজানো হয়েছে বন্দেমাতরম। ফের বিতর্ক। বিরোধীরা তো বটেই ফের গর্জে উঠেছেন বিজয় সরকারকে সমর্থন দেওয়া শরিকরাও।

প্রথমবার বিজয়ের দল তথা টিভিকের তরফে বলা হয়েছিল কেন্দ্রীয় সরকারের সার্কুলার মেনেই রাজ্য সঙ্গীত, জাতীয় গান এবং জাতীয় সঙ্গীতের পর বাজানো হয়েছে। যদিও প্রথমবারের বিতর্কে দ্রুত রাশ টানতে বিজয় সরকারের মন্ত্রী আদভ অর্জুন জানিয়েছিলেন, ‘পরিবর্তিত পরিস্থিতিতে রাজ্য সঙ্গীত সবশেষে বাজানো হয়েছে। তবে আগামী দিনে বিষয়টি শুধরে নেওয়া হবে।’ কিন্তু পরিস্থিতি বদলালো কই?

বন্দেমাতরম নিয়ে ফের বিতর্ক তৈরি হতেই ফের একবার কেন্দ্রীয় নির্দেশিকা জারির সাফাই গেয়েছে টিভিকে। গোটা বিষয়টিও তারা রাজ্যপালের কোর্টে ফেলে দিয়েছে। টিভিকে জানিয়েছে, ‘লোকভবনের তরফে মন্ত্রীদের শপথের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। লোকভবনের তরফেই রাজ্য সঙ্গীত শেষে বাজানো হয়েছে। এখানে রাজ্য সরকারের কোনও ভূমিকা নেই। তবে রাজ্য সঙ্গীত বিধানসভায় শুরুতেই বাজানো হবে।’

বন্দেমাতরম নিয়ে সরকারকে বিঁধতে কসুর করেনি বিরোধী ডিএমকে। নতুন সরকার ফের ব্যর্থ বলে তোপ দেগেছে তারা। ডিএমকের হুল, ‘সরকার যে গ্যারান্টি দিয়েছিল তার কী হল? তামিল অস্মিতা রক্ষা করতে ফের ব্যর্থ টিভিকে।’